পাকিস্তানের খাইবার পাখতুন খোয়া প্রদেশে একটি সরকারি গাড়িতে বোমা হামলায় পাঁচজন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। গতকাল বুধবার প্রদেশটির উপজাতি অধ্যুষিত বাজাউর জেলার নওগাই এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলাটি ছিল সরাসরি সহকারী কমিশনারের গাড়িকে লক্ষ্য করে। বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা যান চারজন সরকারি কর্মকর্তা। নিহতদের মধ্যে রয়েছেন নওগাইয়ের সহকারী কমিশনার (এসিল্যান্ড) ফয়সাল ইসমাইল, তহসিলদার আব্দুল ওয়াকিল, সাব-ইন্সপেক্টর নূর হাকিম এবং কনস্টেবল রশিদ। পঞ্চম নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা ওয়াকাস রফিক জানান, সহকারী কমিশনার ফয়সাল ইসমাইলের সরকারি যানবাহনে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে হামলা চালানো হয়।
বিস্ফোরণের প্রকৃতি ও ঘটনাস্থলের পরিস্থিতি পর্যালোচনা করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটিকে আত্মঘাতী বোমা হামলা বলেই মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
এদিকে, ইসলামাবাদভিত্তিক গবেষণা সংস্থা ‘পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ’ (পিআইসিএসএস) প্রকাশিত তথ্যে দেখা গেছে, ২০২৫ সালের প্রথমার্ধেই পাকিস্তানে সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সংস্থার হিসাবে, এই ছয় মাসে দেশটিতে ৫০২টি জঙ্গি হামলা ঘটেছে, যাতে প্রাণ গেছে ৭৩৭ জনের। নিহতদের মধ্যে ছিলেন ২৮৪ জন নিরাপত্তাকর্মী, ২৬৭ জন বেসামরিক নাগরিক, ১৮০ জন জঙ্গি এবং ৬ জন শান্তি কমিটির সদস্য।
পিআইসিএসএস বলছে, চলতি বছরের জুন মাসে সারা বিশ্বের মধ্যে জঙ্গি সহিংসতার ক্ষেত্রে পাকিস্তানই সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে উঠে এসেছে।