রাজধানীর চানখাঁরপুলে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৬ জনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আগামী ১৪ জুলাই এ বিষয়ে আদেশ ঘোষণার দিন ধার্য করেছে। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেয়।
গতকাল গ্রেপ্তার ৪ আসামি শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
মামলার পলাতক আসামিরা হলেন হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম ও মো. আখতারুল ইসলাম এবং সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।
গত ৩ জুন পলাতক আসামিদের ট্রাইব্যুনালে হাজির করতে একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। গত ২৫ মে ট্রাইব্যুনাল ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়। গত ২০ এপ্রিল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ৮ জনকে অভিযুক্ত করে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করে, যা গতকাল আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়।
তদন্তে জানা গেছে, ৫ আগস্ট চানখাঁরপুলে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে হত্যাকাণ্ড চালানো হয়। এতে শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন। তদন্তে প্রকাশ, হাবিবুর রহমানসহ আসামিরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বা তা তত্ত্বাবধান করেছেন এবং অধীনস্থদের নির্দেশ ও সহযোগিতার মাধ্যমে এই হত্যাকাণ্ডে ভূমিকা রেখেছেন।