রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে পিচ নষ্ট করার অভিযোগ!

হেডিংলি টেস্টে বিবর্ণ পারফর্মেন্সের পর এজবাস্টনে ব্যাট হাতে দারুণ করেছেন রবীন্দ্র জাদেজা। অল্পের জন্য মিস করেছেন সেঞ্চুরি। সেই জাদেজার বিরুদ্ধেই পিচ নষ্ট করার অভিযোগ এনেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস এবং পেসার ক্রিস ওকস। গতকাল বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিনে জাদেজা নাকি পিচ নষ্ট করতে চেয়েছিলেন। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছেন ভারতের অভিজ্ঞ অল-রাউন্ডার।

গতকাল এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে ক্রিস ওকস অনফিল্ড আম্পায়ারদের কাছে অভিযোগ করেন যে, জাদেজা বারবার পিচের স্পর্শকাতর এলাকায় পা রাখছেন এবং এতে করে সেখানে দাগ তৈরি হচ্ছে। তার দাবি ছিল, জাদেজা ইচ্ছা করেই এমনটা করছেন যাতে পরে বোলিং করতে সুবিধা হয়। এসময় বেন স্টোকসও জাদেজাকে পিচ দেখিয়ে বলছিলেন, ‘বন্ধু, দেখ তুমি কী করেছ’!পিচ নষ্ট করা নিয়ে জাদেজার সাথে বাক্য বিনিময় হয়েছে ক্রিস ওকস আর বেন স্টোকসের।

স্টাম্প মাইক্রোফোনে শোনা যায় স্টোকসের কথার জবাবে জাদেজা বলছেন, ‘আমি তো এ প্রান্ত থেকেই আসছিলাম। তাছাড়া আমি তো পিচের ওদিকে বলই করব না। তাহলে ইচ্ছা করে (পিচ নষ্ট) করব কেন? আমার মনোযোগ এখন ব্যাটিংয়ে।’

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে জাদেজা বলেন, ‘স্টোকস ভেবেছিল আমি নিজেই উইকেট খারাপ করছি। কিন্তু আসলে ওরাই তো পেসার দিয়ে সেটা আরও খারাপ করছিল। আমার সেটা করার দরকারই ছিল না। সে বারবার আম্পায়ারকে বলছিল যে, আমি উইকেটের ওপর দৌড়াচ্ছি। কিন্তু সেটা আমার উদ্দেশ্য ছিল না। হ্যাঁ, আমি দু-একবার এদিক-ওদিক দৌড় দিয়েছি, সেটাই হয়তো তার মাথায় ঢুকে গেছে।’