পাবনায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। গতকাল শুক্রবার ভোরে পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, নারায়ণগঞ্জ থেকে যাত্রীবাহী পাবনা এক্সপ্রেস নামের একটি বাস পাবনার দিকে যাচ্ছিল। ভোরে পূর্ব বনগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের তিনজন যাত্রী নিহত হন। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ। আহতদের হাসপাতালে পাঠানো হয়। নিহত তিনজনের মধ্যে দুজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের আবেদ আলী (৩৮) ও সাঁথিয়া উপজেলার আতাইকুরা এলাকার মনসুর আলী (৪০)।
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে গতকাল সকালে দ্রুততগামী পিকআপের চাপায় বয়োবৃদ্ধ এক ভ্যানচালক নিহত হয়েছেন। প্রতক্ষ্যদর্শী আশাশুনি উপজেলার কচুয়া গ্রামের উদয় ঢালী জানান, সকালে কচুয়া চেয়ারম্যানের মোড় থেকে ওই বৃদ্ধের ভ্যানে উঠে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। ব্রহ্মরাজপুরের ভাটার মোড়ের কাছে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী পিকআপের চাপায় বয়োবৃদ্ধ চালক এবং তিনি ভ্যান থেকে রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই বৃদ্ধ ব্যক্তি মারা যান।
ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, নিহত ভ্যানচালক সুলতান আলী (৬০) আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে। নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরার মর্গে পাঠানো হয়েছে। এদিকে গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইয়াসিন মোল্লা নামের (১৮) এক ট্রাক-হেলপারের মৃত্যু হয়েছে। গতকাল ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ডুমরিয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন মোল্লা গোপালগঞ্জ জেলা শহরের মৌলভীপাড়া এলাকার শ্যামল মোল্লার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ওসি সাজেদুর রহমান বলেন, ‘ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে তাদের বিকল হওয়া ট্রাক মেরামতের চেষ্টা করছিল ইয়াসিন। হঠাৎ দ্রুতগামী যাত্রীবাহী একটি বাস এসে তাদের ট্রাকের পেছনে ধাক্কা দিলে চাপা পড়ে ইয়াসিন। এ ঘটনায় ট্রাকের চালকও গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
প্রতিবেদনটি পাবনা, সাতক্ষীরা ও গোপালগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যে তৈরি