২০২২ সালের ক্লাব বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের ক্লাব পালমেইরাসকে ২-১ গোলে হারিয়েছিল ইংলিশ জায়ান্ট চেলসি। সেই পালমেইরাসকেই এবার কোয়ার্টার ফাইনালে একই ব্যবধানে হারিয়ে তারা পৌঁছে গেল ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে। সেখানে তাদের প্রতিপক্ষ আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। এর মাধ্যমে দুই দেশের ক্লাবগুলোর মধ্যে হওয়া ১০ ম্যাচে ৫টিতে জিতল ব্রাজিল এবং অন্য ৫টিতে ইংল্যান্ড।
লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে স্মরণ করা হয় বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় নিহত দিয়োগো জোতা এবং তাঁর ভাই আন্দ্রে সিলভাকে। খেলায় ৬৩ শতাংশ বলের দখল রেখে ১৯ শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখে চেলসি। অন্যদিকে পালমেইরাস ৩৭ শতাংশ বলের দখল রাখলেও ৭টি শট নিয়ে লক্ষ্যে রাখে মাত্র ২টি। ম্যাচজুড়ে আক্রমণ-প্রতি আক্রমণের মাঝে রক্ষণ জমাট করে রেখেছিল পালমেইরাস। তবে শেষ পর্যন্ত পেরে ওঠেনি।
ম্যাচের ১৬ মিনিটেই ট্রেভো চ্যালোবার কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত এক ফিনিশিংয়ে চেলসিকে এগিয়ে দেন কোল পালমার। বিরতির পর ৫৩ মিনিটে বক্সের ভেতর থেকে অসাধারণ এক শটে গোলে ম্যাচে সমতা ফেরান আগামী মৌসুমে চেলসিতেই খেলতে যাওয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এস্তেভাও। ৮৩ মিনিটে আত্মঘাতী গোলেই সর্বনাশ হয় পালমেইরাসের। মালো গুস্তোর শট ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান গিয়াই। সেই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।