ক্লাব বিশ্বকাপে চমক : সেমিফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্স

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৯:৪২ এএম

এবারের ক্লাব বিশ্বকাপে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে ব্রাজিলের ক্লাবগুলো। শুক্রবার রাতে সৌদি আরবের ক্লাব আল হিলালের বিদায়ঘণ্টা বাজিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। ম্যাচটি তারা জিতেছে ২-১ ব্যবধানে। মাঠের লড়াইয়ে ফ্লুমিনেন্সের চেয়ে আল হিলালের দাপটই ছিল বেশি। ৫৮ শতাংশ বলের দখল রেখে ১৫ শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখে তারা। বিপরীতে ৪২ শতাংশ বলের দখল রাখা ফ্লুমিনেন্স ১০ শট নিয়ে লক্ষ্যে রাখে ৩টি।

ফ্লোরিডায় ম্যাচ শুরুর আগে স্পেনে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতা এবং তাঁর ভাই আন্দ্রে সিলভাকে শ্রদ্ধা ও স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। খেলার শুরুতে দুই দলই ছিল সতর্ক। তাই গোল হচ্ছিল না। অবশেষে ৪০ মিনিটে দারুণ এক আক্রমণে বক্সের ভেতর বল পেয়ে নিখুঁত শটে ফ্লুমিনেন্সকে এগিয়ে দেন মাথেউস মার্তিনেল্লি। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

বিরতির পর মার্কোস লিওনার্দোর গোলে দারুণভাবে ম্যাচে ফিরে আসে আল হিলাল। কিন্তু ৭০ মিনিটে বদলি নামা হারকিউলিসের গোলে ফের ২-১ ব্যবধানে এগিয়ে যায় ফ্লুমিনেন্স। ম্যাচের বাকি সময় আল হিলাল চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি। ম্যাচ শেষে ফ্লুমিনেন্স কোচ রেনাতো গাউচো বলেছেন, ‘আমরা খুব বেশি সুযোগ পাইনি, কিন্তু যা পেয়েছি কাজে লাগিয়েছি। দলের সবাই পরিশ্রম করেছে এবং প্রত্যয়ী ছিল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত