সাবেক সিইসি শামসুল হুদা আর নেই

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদা আর বেঁচে নেই। গতকাল শনিবার সকালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু সময় তার বয়স হয়েছিল ৮৩ বছর। শামসুল হুদার শ্যালক আশফাক কাদেরী গণমাধ্যমকে জানান, শনিবার সকাল ৯টার দিকে তিনি গুলশানের নিজ বাসায় অচেতন হয় পড়েন। পরে তাকে বেসরকারি ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আশফাক কাদেরী জানান, শামসুল হুদার মরদেহ ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। তার মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি দেশে ফিরলে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন ও ইসি সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে জনসংযোগ কর্মকর্তা আশাদুল হকের স্বাক্ষরিত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়। শোকবার্তায় বলা হয়, শামসুল হুদার মৃত্যুতে নির্বাচন কমিশন গভীরভাবে শোকাহত এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে।

এটিএম শামসুল হুদা ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ বছর বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে নির্বাচন কমিশন ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করে। ওই নির্বাচনে ৮৭ শতাংশের বেশি ভোট পড়ে।

এটিএম শামসুল হুদা ১৯৪২ সালে নরসিংদী জেলার শিবপুর উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। স্বাধীনতার পর তিনি পাকিস্তান সিভিল সার্ভিস (সিএসপি) থেকে বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) যোগ দেন।

কর্মজীবনে তিনি জেলা প্রশাসক, পানিসম্পদ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। মৃত্যু সময় তিনি স্ত্রী, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।