ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশে পবিত্র আশুরা পালিত

যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পবিত্র আশুরা পালিত হয়েছে। ইতিহাস, শোক ও ত্যাগের মহিমায় ভাস্বর আশুরার এই দিনে কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন (রা.)-এর শাহাদতের স্মরণে দিনটি ইসলামের ইতিহাসে এক বেদনাবিধুর ও তাৎপর্যপূর্ণ দিন হিসেবে বিবেচিত।

দিবসটি উপলক্ষে গত রবিবার রাজধানী ঢাকাসহ দেশব্যাপী ধর্মীয় অনুষ্ঠান, নফল রোজা ও ইবাদতে মগ্ন ছিলেন মুসলমানরা। শিয়া সম্প্রদায়ের উদ্যোগে সকাল ১০টায় পুরান ঢাকার হোসেনী দালান ইমামবাড়া থেকে বের করা হয় ১০ মহররমের প্রধান তাজিয়া মিছিল।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে  বাদ জোহর হয় ‘পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা এবং দোয়া মাহফিল। এতে প্রধান আলোচক ছিলেন মুফতি মাওলানা মো. মুজির উদ্দিন এবং সভাপতিত্ব করেছেন ড. মোহাম্মদ হারুনূর রশীদ।