সাগরে ভেসে গেলেন চবির ৩ শিক্ষার্থী

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং দুজন শিক্ষার্থী এখনো নিখোঁজ রয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকালে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সমুদ্রে নামার পর ঢেউয়ের তোড়ে ভেসে যান তারা।

চবি সূত্র জানিয়েছে, মারা যাওয়া ও নিখোঁজ শিক্ষার্থীরা চবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাদের মধ্যে মারা যাওয়া শিক্ষার্থীর নাম কেএম সাদমান রহমান শাবাব, বাড়ি ঢাকার মিরপুরে। নিখোঁজ দুজন হলেন অরিত্র হাসান ও আসিফ আহমেদ, উভয়ের বাড়ি বগুড়ায়। তারা চবির শহীদ মো. ফরহাদ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

সহপাঠীদের সূত্রে জানা গেছে, পরীক্ষা শেষে পাঁচ বন্ধু ব্যক্তিগত উদ্যোগে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। সকালে হিমছড়ি সৈকতে গিয়ে শাবাব, অরিত্র ও আসিফ পানিতে নামেন। তবে তাদের সঙ্গে থাকা ফারহান নামের এক শিক্ষার্থী না নামায় প্রাণে বেঁচে যান। ফারহান বলেন, ‘পরীক্ষা শেষে হঠাৎ কক্সবাজার যাওয়ার পরিকল্পনা করি। সাগরে নামার কথা ছিল না, কিন্তু শাবাব হঠাৎ নেমে পড়ে। তাকে দেখে অরিত্র ও আসিফও নামে। প্রথমে ঢেউ ছোট ছিল, কিন্তু হঠাৎ বড় ঢেউ এসে তাদের ভাসিয়ে নেয়। তারা উঠতে চেষ্টা করেও পারেনি।’ তিনি বলেন, ‘ঢেউয়ের ধাক্কায় তাদের অসহায়ভাবে সাগরে হারিয়ে যাওয়ার দৃশ্য আমার জন্য এক দুঃসহ স্মৃতি।’

চবির সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক সাঈদ বিন কামাল চৌধুরী বলেন, ‘গতকাল (সোমবার) রাতে শিক্ষার্থীরা কক্সবাজারে যায়। তাদের লিখিত পরীক্ষা শেষ হলেও ভাইভা বাকি ছিল। সকালে হিমছড়ি সৈকতে গিয়ে তারা পানিতে নামে। ছবি তুলতে গিয়ে তারা গভীরে চলে যায় এবং হঠাৎ ঢেউয়ে তিনজনই ভেসে যায়।’

তিনি জানান, স্থানীয় জেলে ও ফায়ার সার্ভিস শাবাবের মরদেহ উদ্ধার করেছে। অরিত্র ও আসিফ এখনো নিখোঁজ। বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে শিক্ষার্থী ও শিক্ষকদের একটি প্রতিনিধিদল পাঠিয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

সি সেফ লাইফ গার্ড সংস্থার কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, ‘বৃষ্টি ও উত্তাল সমুদ্রের কারণে দুর্ঘটনা ঘটে। পাঁচজন শিক্ষার্থীর মধ্যে তিনজন বাঁধের নিচে গোসল করতে নামে। ঢেউয়ের তোড়ে শাবাবের মরদেহ উদ্ধার হয়,  বাকি দুজন নিখোঁজ। ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড উদ্ধার অভিযান চালাচ্ছে।’

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ‘শাবাবের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুজনের সন্ধানে তল্লাশি চলছে।’

রামু থানার এসআই শেখ সবুর জানান, শাবাবের মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। নিখোঁজ দুজনের উদ্ধারে অভিযান চলছে। বেঁচে যাওয়া দুই শিক্ষার্থী তাদের হেফাজতে আছেন।