রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ওপর খুশি নন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মস্কোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনার বিষয়েও ইঙ্গিত দিয়েছেন তিনি। স্থানীয় সময় গত মঙ্গলবার হোয়াইট হাউজে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, পুতিনের বিষয়ে আমি খুশি নই। তাকে সবসময় আন্তরিক মনে হতে পারে, তবে দিনশেষে সব অর্থহীন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে হাজার হাজার সেনা প্রাণ হারাচ্ছেন উল্লেখ করে ট্রাম্প বলেন, পুতিন অনেক মানুষকে হত্যা করছেন। এর মধ্যে অনেকে তার নিজের সেনা, আর অনেকে ইউক্রেনের সেনা। রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সিনেটের প্রস্তাবিত একটি বিলের বিষয়ে ট্রাম্প বলেন, আমি বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখছি। তবে ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।
এদিকে ট্রাম্পের এ বক্তব্যের কয়েক ঘণ্টা পরই গভীর রাতে ৭২৮টি ড্রোন নিয়ে ইউক্রেনের ওপর হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের বিমানবাহিনীর বরাত দিয়ে গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়া এক রাতে ইউক্রেনের ওপর রেকর্ডসংখ্যক ৭২৮টি ড্রোন এবং ১৩টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ড্রোন ও মিসাইলের বেশিরভাগই ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে দাবি কিয়েভের।
ইউক্রেনীয় বিমানবাহিনীর দাবি, ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৭১৮টি ড্রোন ও ৭টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে। টেলিগ্রাম প্ল্যাটফর্মে প্রকাশিত বার্তায় তারা আরও জানায়, এসব হামলা মূলত ইউক্রেনের বিভিন্ন শহর ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়। তবে বাকি ড্রোন ও ক্ষেপণাস্ত্র কীভাবে আঘাত হেনেছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কয়েক সপ্তাহ ধরে তীব্র হতে থাকা রুশ বিমান হামলার ধারাবাহিকতায় এ হামলা হলো। এতে বরং স্পষ্ট হলো, রাশিয়াকে নিষেধাজ্ঞার করাল গ্রাসে আটকে ফেলা কতটা জরুরি হয়ে উঠেছে।
এর আগে গত জুন মাসের শেষের দিকে এক রাতে ৪৭৭ ড্রোন ও ৬০টি মিসাইল দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছিল রাশিয়া। ইউক্রেনের বিমানবাহিনী সে সময় জানায়, এসব ড্রোন ও মিসাইলের মধ্যে ২৪৯টি ভূপাতিত করা হয়েছিল।