দুই তালেবান নেতার বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা

তালেবানের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তাদের বিরুদ্ধে আফগানিস্তানে নারী ও মেয়েদের ওপর নির্যাতনের অভিযোগ এনে এই পরোয়ানা জারি করেছে তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক আদালত বলছে, ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা এবং প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানি নারী ও মেয়েদের প্রতি যে আচরণ করেছেন, তা মানবতাবিরোধী অপরাধের শামিল। সেই সময়ে তারা ১২ বছরের বেশি বয়সী মেয়েদের শিক্ষা গ্রহণের সুযোগ এবং নারীদের অনেক চাকরি থেকে বঞ্চিত করার মতো একাধিক বিধিনিষেধ কার্যকর করেছেন এ ছাড়া পুরুষ সঙ্গী ছাড়া একজন নারী কতদূর ভ্রমণ করতে পারবেন, তার ওপরও বিধিনিষেধ রয়েছে এবং জনসমক্ষে তাদের কণ্ঠস্বর নিচু রাখার ব্যাপারে ডিক্রি জারি করা হয়েছে। গত মঙ্গলবার এ পরোয়ানা জারি করে এক বিবৃতিতে আইসিসি বলছে, তালেবানরা আফগানদের ওপর কিছু নিয়ম এবং নিষেধাজ্ঞা আরোপ করেছে। তারা বিশেষভাবে মেয়ে ও নারীদের মৌলিক অধিকার এবং স্বাধীনতা থেকে বঞ্চিত করেছে, যার মাধ্যমে নারীদের অধিকার ও স্বাধীনতা খর্ব করা হয়েছে। বিবিসি বলছে, আখুন্দজাদা ২০১৬ সালে তালেবানের সর্বোচ্চ কমান্ডার হন এবং ২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী দেশ ছেড়ে যাওয়ার পর থেকে তালেবানের সর্বোচ্চ নেতা ছিলেন। তিনি হাক্কানি তালেবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং ২০২০ সালে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় তালেবানের পক্ষে আলোচক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

দুই তালেবান নেতার বিরুদ্ধে পরোয়ানা জারির কথা প্রথম উত্থাপিত হয়েছিল জানুয়ারিতে। সেই সময় তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয় গ্রেপ্তারের হুমকির পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছিল। এবার হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) দুই তালেবান নেতার গ্রেপ্তারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছে।