প্রতীক হিসেবে ‘শাপলা’ না দেওয়ার সিদ্ধান্ত ইসির

নির্বাচনী প্রতীক হিসেবে জাতীয় প্রতীক ‘শাপলা’কে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘নতুন প্রস্তাবিত প্রতীক তালিকায় শাপলা রাখা হচ্ছে না। নির্বাচনী প্রতীক হিসেবে আমাদের শিডিউলভুক্ত হচ্ছে না প্রতীকটি। আমরা নীতিগতভাবে এটি সিদ্ধান্ত নিয়েছি।’

এর আগে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে আবেদনের সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় প্রতীক হিসেবে শাপলা পছন্দের শীর্ষে ছিল। এনসিপির আবেদনে পছন্দের প্রতীকের তালিকায় শাপলা ছাড়াও ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ রাখা হয়েছে। তবে নাগরিক ঐক্যও দলীয় প্রতীক হিসেবে কেটলির পরিবর্তে শাপলা দাবি করে।

এ ছাড়া শাপলা জাতীয় প্রতীক হওয়ায় এটি দলীয় প্রতীক হতে পারে কি না এটি নিয়েও বিতর্ক ওঠে। এর মধ্যেই এ এম এম নাসির উদ্দিন কমিশন শাপলাকে প্রতীক তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল।

নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে এখন ৬৯টি নির্বাচনী প্রতীক আছে। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে প্রতীকের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইসি। এবার দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীক ১০০-এর বেশি করার চিন্তা করছে ইসি। প্রতীক তালিকার তফসিল সংশোধনের জন্য ইসির সিদ্ধান্ত শিগগির ভোটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।