প্রবাসীদের ভোট নিশ্চিতে চালু হচ্ছে ‘পোর্টাল’

প্রবাসী বাংলাদেশিদের ভোটের সঙ্গে যুক্ত রাখতে ‘মেগাফোন’ নামের একটি তথ্যপ্রবাহ তৈরির উদ্যোগ হাতে নেওয়ার কথা জানিয়েছেন নাগরিক প্রতিনিধি ড. শহিদুল আলম। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি অনলাইন পোর্টাল চালু করা হচ্ছে, যাতে প্রবাসীরা সহজে ভোট প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। আমরা প্রক্রিয়াটি সহজ করতে চাই। প্রযুক্তিগত ও প্রক্রিয়াগত জটিলতা যেগুলো আছে সেগুলো যাতে সহজ করা যায়।’

গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে তিনি এ আগ্রহের কথা জানান।

বৈঠকে অংশ নেন আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা ‘দ্য অপোজিশন ইন্টারন্যাশনাল’-এর প্রতিনিধি ড. ওয়েন লাইপার্ট, মার্কিন রাজনৈতিক অর্থনীতিবিদ ফরেস্ট কুকসন, আন্তর্জাতিক মানবাধিকারকর্মী ও আলোকচিত্রী ড. শহিদুল আলমসহ আরও কয়েকজন।

বৈঠক শেষে ড. শহিদুল আলম বলেন, ‘বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা হাজির হয়েছে। এ সম্ভাবনায় সবাই যাতে থাকতে পারে, আমরা তাই চেয়েছি। প্রধান উপদেষ্টাও বলেছিলেন, নতুন বাংলাদেশে যেন প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নির্বাচনে যেন তারা অংশগ্রহণ করতে পারে। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশন অনেক কাজ করেছেন এবং করছেন।’

তিনি বলেন, ‘আমরা ভেবেছি, কীভাবে তাদের সহায়তা করতে পারি। যেসব প্রবাসী বাংলাদেশি গত জুলাইয়ের আন্দোলনে ভূমিকা রেখেছিলেন, তারা তখন রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দিয়েছিলেন, গণঅভ্যুত্থানের পরে আবার তা বর্ধিত পরিমাণে পাঠানো শুরু করেছিলেন। তাদের মধ্যে নতুন বাংলাদেশের কর্মকা-ে অংশগ্রহণের আকাক্সক্ষা রয়েছে। তারা বসে আছেন। আমরা কীভাবে তাদের কাছে পৌঁছাতে পারি সেটাই এখন প্রশ্ন।’

ড. শহিদুল বলেন, ‘নির্বাচন কমিশন এ বিষয়ে কাজ করছে। অনেক সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে, অনেক কাজও হয়ে গেছে। তথ্য আদান-প্রদানে সমস্যা হতে পারে, এ ক্ষেত্রে আমরা সহায়তা করতে পারি কি না, সেটাও ভাবছি। নতুন বাংলাদেশে যেন সারা বিশ্বের প্রবাসীরা অংশগ্রহণ করতে পারে।’

প্রবাসীদের ভোটপ্রদানের জন্য কী প্রক্রিয়া সাজেস্ট করেছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা যখন বিষয়টি উত্থাপন করি তখন সিইসি জানান, রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে তারা অনেকদূর এগিয়েছেন। কীভাবে ভোট হতে পারে, কী কী সমস্যা রয়েছে এসব বিষয়ে কাজ চলছে এবং সেসব কাজ অনেকদূর এগিয়েছে। তারা ৪০টি দেশে পৌঁছাতে চাচ্ছেন, ইতিমধ্যে অনেক ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। রাষ্ট্রদূত ও দূতাবাসগুলোর মাধ্যমে এসব কাজ করা হবে।’ তিনি বলেন, “সিইসির সঙ্গে আলোচনায় ‘মেগাফোন’ তৈরির কথা বলেছি। তারা আমাদের কাছ থেকে একটি প্রস্তাব চেয়েছেন।”

অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ নতুন পাঁচটি দেশে বাংলাদেশি ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল ইসির জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, জর্ডান, দক্ষিণ আফ্রিকা এবং ওমানে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করার অনুমতি পেয়েছি।’