সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর পিছিয়ে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। এবার নাকি বিসিসিআই কর্মকর্তারাও বাংলাদেশে আসতে নারাজ। আসন্ন এশিয়া কাপ উপলক্ষে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা হওয়ার কথা আছে। সেই সভার স্থান পরিবর্তনের জন্য এসিসিকে অনুরোধ করেছে বিসিসিআই। নাহলে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে না বলেও হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
ভারতীয় গণমাধ্যম ‘স্পোর্টসতক’ এক প্রতিবেদনে দাবি করেছে, বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের জেরে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তলানিতে। তাছাড়া বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতিও সুবিধাজনক নয় বলেই মনে করছে তারা। বিসিসিআইয়ের একটি সূত্র স্পোর্টসতককে বলেছে, ‘বিদ্যমান পরিস্থিতি এবং বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে সেদেশে ভ্রমণ করার উপযুক্ত সময় এটা নয়। আমরা আনুষ্ঠানিকভাবে এসিসিকে পরবর্তী সভার স্থান পরিবর্তন করতে বলেছি।’
ভারত যদি টুর্নামেন্ট আয়োজন করতে না চায়, সেক্ষেত্রে বিকল্প হিসাবে সংযুক্ত আরব আমিরাতের কথা ভেবে রাখা হয়েছে। তবে ভারতই আয়োজক হিসেবে থাকবে। বিসিসিআইয়ের ওই সূত্র ‘স্পোর্টস তক’কে বলেছেন, ‘পেহেলগাম হামলার আগেই আমিরাতে এশিয়া কাপ আয়োজন করার প্রস্তাব দেওয়া হয়েছিল। হামলার পর পরিস্থিতি বদলে গেছে। এখন সরকার আমাদের যা বলবে সেটাই করব।’
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই বছরের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়ার কথা। এখনও পর্যন্ত টুর্নামেন্টের সূচি চূড়ান্ত হয়নি। আয়োজক ভারতের সঙ্গে পাকিস্তানের ম্যাচ কোথায় হবে সেটারও কোনো সমাধান হয়নি। প্রাথমিক সূচি অনুযায়ী, ৫ সেপ্টেম্বর এশিয়া কাপ শুরু হওয়ার কথা। দুই দিন পর ৭ সেপ্টেম্বর মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। যদিও এখন পর্যন্ত সেই ম্যাচ অনিশ্চিত।