এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন একটি বিদ্যালয়ে কেউই পাস করতে পারেনি। বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি বছর কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ইসলামপুর উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেওয়া সব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম এক সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করেন। ফলাফলের বিবরণী থেকে জানা যায়, ইসলামপুর উচ্চ বিদ্যালয় থেকে ৩২ জন পরীক্ষায় অংশ নেয়। তবে দুঃখজনকভাবে কেউই পাস করতে পারেনি।
ফলাফলের এমন চিত্রে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। তারা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার মান ও পরিবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। একজন অভিভাবক বলেন, ‘বিদ্যালয়ে নিয়মিত পাঠদান হয় না। শিক্ষক সংকট ও নজরদারির অভাব রয়েছে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল্লাহ্ স্বপনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে কুমিল্লা শিক্ষাবোর্ডের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা ফলাফল বিশ্লেষণ করছি। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ব্যর্থতার কারণ অনুসন্ধান করা হবে।’
এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইউনুছ দেশ রূপান্তরকে বলেন, ‘অনেক আগ থেকে নাঙ্গলকোটে নকলের প্রভাব ছিল বেশি। এবার কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার হলে অসৎ উপায় অবলম্বন করার কোন সুযোগ দেয়া হয়নি। যার কারণে পুরো উপজেলায় এবার ৪০ ভাগ পাশ করেছে। ৬০ ভাগ ফেল করেছে। এতে করে ওই স্কুলের পরীক্ষার্থীরা কোন সুযোগ পায়নি। তাই তারা এক জনও পাশ করেনি। বিষয়টি নিয়ে আমরা আগামী সপ্তাহে প্রধান শিক্ষকের সঙ্গে মিটিং করব। আমরা চাই আগামীতে পরীক্ষার্থীরা আরো ভালো করে পড়াশোনা করবে।’
উল্লেখ্য, কুমিল্লা শিক্ষাবোর্ডে এ বছর এটি একমাত্র বিদ্যালয়, যেখান থেকে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।