সাবালেঙ্কাকে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে অ্যামেন্ডা

গত আসরের উইম্বলডনে বাছাই পর্ব খেলেছিলেন অ্যামেন্ডা আনিসিমোভা। কিন্তু সেবার বাছাইয়ের বৈতরণী পেরোতে পারেননি তিনি। এক বছর পর যুক্তরাষ্ট্রের এ ২৩ বছরের তরুণী শনিবার খেলতে নামবেন উইম্বলডনের ফাইনাল। আজ নারী এককের প্রথম সেমিফাইনালে বিশ্বের নাম্বার ওয়ান তারকা আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে গোটা টেনিস বিশ্বের নজর কেড়ে নিয়েছেন অ্যামেন্ডা। ২০১৯ ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনাল খেলা অ্যামেন্ডা প্রথমবারের মতো জায়গা করে নিলেন কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে। 

টানা চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে ওঠার লক্ষ্যে খেলতে নামা সাবালেঙ্কা নিশ্চিতভাবেই এই ম্যাচে ফেভারিট ছিলেন। যুক্তরাষ্ট্রের এই খেলোয়াড় দুর্দান্ত সার্ভের ওপর ভর করে খেলেছেন। যদিও মাত্র দুটি এইস করতে সক্ষম হন, তবে পুরো ম্যাচ জুড়েই সাবালেঙ্কাকে কঠিন মুহূর্তের সম্মুখীন করেন। সেন্টার কোর্টে ম্যাচের প্রথম সেটেই ৬-৪ গেমে আরিনাকে হারিয়ে দেন তিনি। ফিরে এসে দ্বিতীয় সেট ঠিকই জিতে নেন আরিনা। শেষ সেটে আরও দুর্দান্ত হয়ে ওঠেন অ্যামেন্ডা। একপর্যায়ে এগিয়ে গিয়েছিলেন ৪-১ গেমে। তবে প্রতিরোধ গড়েন আরিনা। কিন্তু শেষ পর্যন্ত ৬-৪ গেমে সেটের সঙ্গে দারুণ উত্তেজনায় ভরা ২ ঘণ্টা ৩৫ মিনিটের ম্যাচটি জিতে নিয়ে ইতিহাস গড়েন অ্যামেন্ডা।

দুই বছর আগে মানসিক অবসাদের কারণে টেনিস থেকে বিরতি নিয়েছিলেন। কিন্তু আজ তার নৈপুণ্যেই সবচেয়ে মর্যাদাপূর্ণ টেনিস মঞ্চে নিজের সঙ্গে যুক্তরাষ্ট্রের নাম উজ্জ্বল করেছেন। ২৫ বছর আগে শেষবার যুক্তরাষ্ট্রের পিট সামপ্রাস ও ভেনাস উইলিয়ামস একই বছরে উইম্বলডনে শিরোপা জিতেছিলেন। এবার সেই কীর্তি পুনরাবৃত্তির সুযোগ এনে দিলেন অ্যামেন্ডা। কেননা পুরুষ এককের সেমিফাইনালে কার্লোস আলকারাজের মুখোমুখি হবেন স্বদেশী টেইলর ফ্রিটজ। 

ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে অ্যামেন্ডা বলেন, ‘এটা বাস্তব মনে হচ্ছে না, আমি একদম শেষ হয়ে যাচ্ছিলাম মাঠে। কীভাবে ম্যাচটা টেনে নিয়ে গেলাম, নিজেই জানি না। আজ জিততে পারা এবং উইম্বলডনের ফাইনালে পৌঁছানো অসম্ভব রকমের বিশেষ কিছু।’ অন্যদিকে সাবালেঙ্কার জন্য এটি আরেকটি হৃদয়ভাঙা দিন। এ বছর তিনি দুটি গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে হেরেছেন। অস্ট্রেলিয়ায় ম্যাডিসন কিস এবং ফ্রেঞ্চ ওপেনে কোকো গফের কাছে। আর এবার ফাইনালের আগেই খেলেন হোঁচট। শনিবারের ফাইনালে অ্যামেন্ডার প্রতিপক্ষ হবেন পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ইগা সোয়ানতেক কিংবা প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়ন বেলিন্ডা বেনচিচ।