৬ ওভারে ৫৪ বাকি ১৪ ওভারে ১০০, বাংলাদেশের রান ১৫৪/৫

আপডেট : ১০ জুলাই ২০২৫, ১০:২৮ পিএম

পাওয়ার প্লের ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৫৪ রান। সেখান থেকে বাকি ১৪ ওভারে অর্থাৎ ৮৪ বল খেলে বাংলাদেশ যোগ করতে সক্ষম হয় মাত্র ১০০ রান। সব মিলিয়ে পাল্লেকেলেতে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ১৫৪ রানের।

টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুটা পেয়েছিলো জোরালো। পাওয়ার প্লেতে ১৬ বলে ৫টি চার ও ১ ছক্কার মারে দুশোর বেশি স্ট্রাইকরেটে ৩৫ রান করেন ইমন একাই। চতুর্থ ওভারে মাহিশ থিকশানাকে তিনটি চার মারেনি তিনি। তাকে সঙ্গ দেওয়া তানজিদ হাসান তামিম ২ চারে ১৭ বলে ১৬ রান করে। পঞ্চম ওভারের শেষ বলে নুয়ান থিশারার বলে থিকশানার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ। তখন দলের রান ৪৬।

এর পর অধিনায়ক লিটন দাস ক্রিজে আসেন। পাওয়ার প্লে শেষে কমতে থাকে রানে গতি। ৭ম ওভারে আসে ৩ রান। অষ্টম ওভারের শেষ বলে জেফরি ভ্যান্ডারসের বলে এলবিডব্লিউ হয়ে লিটন যখন ফিরছেন, তার নামের পাশে ১১ বলে ৬ রান। তিন বল যেতেই ইমনকে শিকার বানান থিকশানা। দাসুন শানাকার হাতে ক্যাচ দেন তিনি। ২২ বলে ওই ৫ চার, ১ ছ্ক্কায় করেন ১৭২ স্ট্রাইক রেটে ৩৮ রান। ক্রিজে আছেন নাঈম শেখ ও তাওহীদ হৃদয়। ১০ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ৭৯।

১০৪৫ দিন পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিংয়ে নামেন নাঈম শেখ। অপরাজিত থাকলেও তার ব্যাটিং দেখে মনে হয়েছে যেন ওয়ানডে খেলছেন। ২৯ বল খেলে একটি করে চার-ছক্কায় নাঈম রান করেন ৩২। তৃতীয় ওয়ানডে ৬৫ এবং দ্বিতীয় ওয়ানডেতে ৭৪ স্ট্রাইক রেটে ৫১ রান করা তাওহীদ হৃদয়ও বদলাতে পারেননি মানসিকতা। ৭৭ স্ট্রাইক রেটে ১৩ বল খেলে রান করেন ১০, নেই কোনো বাউন্ডারি।

মেহেদী হাসান মিরাজ দলের রানের গতি কিছুটা সচলের চেষ্টা করেছেন ৪ বাউন্ডারিতে ২৩ বলে ২৯ রান করে। ইনিংসের ৯ বল বাকি ক্রিজে আসা শামীম পাটোয়ারীর ২ ছক্কায় ৫ বলে ১৪ রানের অপরাজিত ইনিংসে দলের সংগ্রহ দেড়শ পার করে বাংলাদেশ। 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত