পাসের হার ৫৮.২২

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবারে এসএসসি পরীক্ষার ফলাফলে দেখা গেছে, পাসের হার ৫৮.২২ শতাংশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফল প্রকাশ অনুষ্ঠানে ময়মনসিংহ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শহীদুল্লাহ জানান, চলতি বছর ১ লাখ ৫ হাজার ৫৫৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছে ৬১ হাজার ৪৫৬ এবং জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৬৭৮ পরীক্ষার্থী।

জেলাভিত্তিক ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, জামালপুরে ২৫ হাজার ৭৮৭ পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ১৫ হাজার ৩৩৬ (পাসের হার ৫৯.৪৬%), নেত্রকোনায় ১৯ হাজার ৪১৯ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১ হাজার ৬৬৯ (পাসের হার ৬০.০৮%), ময়মনসিংহে ৪৫ হাজার ৮৫৬ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৬ হাজার ৬৯১ (পাসের হার ৫৮.২০%) এবং শেরপুরে ১৪ হাজার ৪৯৬ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭ হাজার ৭৬০ জন (পাসের হার ৫৩.৫৪%)। জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩ হাজার ১২৩ ছাত্র এবং ৩ হাজার ৫৫৫ জন ছাত্রী রয়েছে।