টানা বৃষ্টি আর চলমান বন্যায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সবজিখেতে ব্যাপক ক্ষতি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে বাজারে। সবচেয়ে বেশি আঘাত এসেছে কাঁচা মরিচের দামে। রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৩০০ টাকায় পৌঁছেছে, যা কয়েক দিন আগেও ছিল ৮০ থেকে ১০০ টাকার মধ্যে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজার, শান্তিনগর ও তুরাগ এলাকার নতুন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, কয়েক দিন ধরে টানা বৃষ্টি আর নদীবাঁধ ভাঙনজনিত বন্যার কারণে অনেক অঞ্চলের মরিচখেত পানির নিচে। ফলে সরবরাহ কমে গেছে এবং দাম বেড়েছে কয়েকগুণ।
কাওরান বাজারের পাইকারি ব্যবসায়ী বজলুর রহমান বলেন, ‘আগে যেখানে কাঁচা মরিচ ৮০-১০০ টাকায় পাওয়া যেত, এখন সেটাই পাইকারি বাজারে মানভেদে বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২৪০ টাকা কেজিতে। খুচরায় তা ২৫০-৩০০ টাকা পর্যন্ত গিয়েছে।’
তিনি আরও জানান, ‘ঢাকার আশপাশের অনেক এলাকা ও উত্তরের জেলা বন্যাক্রান্ত। ফলে চাহিদা অনুযায়ী পণ্য আসছে না। তবে বৃষ্টি কমলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে।’
তুরাগের নতুন বাজারের সামনে ভ্যানে করে সবজি বিক্রি করেন আমিনুল। তার ভাষায়, ‘তিন-চার দিন আগেও ২৫০ গ্রাম কাঁচা মরিচ ২৫ থেকে ৩০ টাকায় দিতাম, এখন সেটা ৭০-৮০ টাকা নিচ্ছি। দাম বেশি না নিলে লোকসান হবে, কারণ পাইকারি বাজার থেকেই দাম চড়া।’
শুধু কাঁচা মরিচ নয়, একইভাবে ধনেপাতার দামেও বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। আগে ১০০ গ্রাম ধনেপাতা যেখানে বিক্রি হতো ২০ টাকায়, এখন তা ৩০-৪০ টাকায় উঠেছে।
সব মিলিয়ে টানা বৃষ্টি ও বন্যার কারণে রাজধানীর সবজির বাজারে ফের অস্থিরতা দেখা দিয়েছে। কাঁচা মরিচের মতো নিত্যপ্রয়োজনীয় উপকরণের এতটা মূল্যবৃদ্ধি মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের ভোগান্তি বাড়িয়ে তুলছে।