ঢাকার সূত্রাপুরের কাগজিটোলা এলাকায় একটি বাসায় গ্যাস লিক থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন ভ্যানচালক রিপন (৪০), তার স্ত্রী চাঁদনী (৩৫), বড় ছেলে তামীম (১৮), ছোট ছেলে রোকন (১৪) ও দেড় বছরের শিশু কন্যা আয়শা।
রিপনের মামা জাকির হোসেন জানান, কাগজিটোলার সাঈদ চেয়ারম্যানের বাড়ির পাশের একটি পাঁচতলা ভবনের নিচতলার একটি ইউনিটে পরিবারটি ভাড়া থাকতো। রাতে ঘুমিয়ে থাকার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই ঘরের ভেতর আগুন ছড়িয়ে পড়ে এবং পরিবারের সদস্যরা দগ্ধ হন। বাসার আসবাবপত্রেও আগুনে ক্ষয়ক্ষতি হয়। পরে আশপাশের বাসিন্দারা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
জাকির হোসেনের ভাষ্য, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লিক থেকেই বিস্ফোরণ ঘটেছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, রিপনের শরীরের ৬০ শতাংশ, চাঁদনীর ৪৫, তামীমের ৪২, রোকনের ৬০ এবং শিশু আয়শার ৬৩ শতাংশ পুড়ে গেছে। তাদের সবারই শ্বাসনালিও দগ্ধ হয়েছে। বর্তমানে তারা সবাই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
পিএলআইডির কারণে মেরুদন্ডে ব্যথা