শেরপুর সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাটা সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শুক্রবার ভোর ৬টায় উপজেলার রামচন্দ্রকুড়া বিওপি সীমান্তে এই ঘটনা ঘটে।

বিজিবি জানায়, শুক্রবার ভোরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধীন নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়া বিওপির সীমান্ত পিলার-১১১৮/৩-এস এর কাছে ভারত থেকে ১০ জনকে পুশইন করা হয়। খবর পেয়ে উপজেলার পানিহাটা সীমান্তে মোট ১০ জনকে আটক করে বিজিবি। আটকদের মধ্যে ৪ জন শিশু, ২ জন পুরুষ এবং ৪ জন নারী রয়েছে।

এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, গত ২ বছর আগে কাজের সন্ধানে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে তারা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে এবং ভারতের নয়াদিল্লিতে অবস্থান করে আসছিলেন। পরে তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র এবং ভারতীয় পরিচয়পত্র না থাকায় আটক করে ৩ দিন আগে বিমানযোগে নয়াদিল্লি থেকে গৌহাটিতে নিয়ে আসে ভারতীয় পুলিশ। পরে গৌহাটি থেকে শেরপুর সীমান্ত দিয়ে তাদের পুশইন করে বিএসএফ।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ওসি মো. সোহেল রানা জানান, আটকদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা সবাই সাতক্ষীরা জেলার বাসিন্দা। শিগগিরই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।