ক্লাব বিশ্বকাপের ট্রফি নিয়ে ৭০ তলা রকফেলারের ছাদে দেম্বেলে-পালমার

নিউ ইয়র্কের ঝলমলে আকাশে, ম্যানহাটনের সুবিশাল স্কাইলাইনের সামনে, এক অভাবনীয় দৃশ্যের অবতারণা হলো। ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ এর ফাইনাল ম্যাচের আগে, চেলসির তারকা ফরোয়ার্ড কোল পালমার এবং পিএসজির উইঙ্গার উসমান দেম্বেলে মুখোমুখি হলেন এক ভিন্ন পিচে – নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে অবস্থিত রক ফেলার সেন্টারের 'টপ অফ দ্য রক'-এর সুউচ্চ ছাদে! হাতে ফিফা ক্লাব বিশ্বকাপের সোনালি ট্রফি, পরনে নিজ নিজ ক্লাবের জার্সি।

ক্যামেরায় ধরা পড়া এই চিত্রগুলি যেন ফুটবল আর গ্ল্যামারের এক দারুণ মেলবন্ধন। কোল পালমার, যিনি চেলসির হয়ে মাঠ মাতাচ্ছেন, এবং উসমান দেম্বেলে, পিএসজির হয়ে যার বিদ্যুৎ গতি চোখ ধাঁধিয়ে দেয় – তারা দুজনেই ট্রফিকে ঘিরে পোজ দিলেন। তাদের চোখে-মুখে হয়তো ফাইনালের উত্তেজনা, তবে রকফেলারের ৭০ তলার চূড়ায় বসে সেই উত্তেজনা যেন এক ভিন্ন মাত্রা পেল।

রকফেলারের ছাদে ট্রফি ফটোসেশন। ছবি: এক্স

‘অল ইউরোপিয়ান’ ফাইনাল আজ

৩২ দল নিয়ে আয়োজিত ক্লাব বিশ্বকাপে চমক দেখিয়েছে ব্রাজিলের ক্লাবগুলো। খেলেছে সেমিফাইনালও। সৌদি আরবের ক্লাব উঠে এসেছে কোয়ার্টার ফাইনালে। ইউরোপিয়ান ক্লাবকে ধরাশায়ী হতে দেখা গেছে অন্য অঞ্চলের ক্লাবের কাছে। তবে শেষ পর্যন্ত ফাইনালটা হতে যাচ্ছে দুই ইউরোপিয়ান ক্লাবের মধ্যেই। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ‘অল ইউরোপিয়ান’ ফাইনালে মুখোমুখি হবে পিএসজি ও চেলসি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

পিএসজি এবার ক্লাব বিশ্বকাপের শুরু থেকেই ছিল ফেভারিটদের তালিকায়। গ্রæপ পর্বের ম্যাচে বোটাফোগোর বিপক্ষে (১-০) হোঁচট খাওয়া ছাড়া তাদের ফাইনাল পর্যন্ত বাকি পথটা দারুণ কেটেছে। দাপটের সঙ্গেই জিতেছে বাকি ম্যাচগুলো। সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে চার গোল দেওয়ার পর পিএসজিকে ফাইনালের ফেভারিট মানছেন অনেকে। চেলসি ক্লাব বিশ্বকাপ আসর শুরু করেছিল গ্রæপ পর্বে ফ্ল্যামেঙ্গোর কাছে হেরে। কোয়ার্টার ফাইনালে চেলসি জেতে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে। ফাইনালে ওঠার পথে ব্লুজরা একটি ইউরোপিয়ান দলের বিপক্ষেই খেলেছে। বেনফিকাকে সেই ম্যাচে চেলসি হারিয়েছিল বড় ব্যবধানেই। ফাইনালে ওঠার পথে চেলসি তিনটি ম্যাচ খেলে ব্রাজিলিয়ান ক্লাবের বিপক্ষে। চেলসি ২০২৪-২৫ মৌসুমে জিতেছে উয়েফা কনফারেন্স লিগ। তবে পিএসজি ২০২৪-২৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জয়ী দল। বর্তমানে সেরা ফর্মে আছে লুইস এনরিকের দল। তাই এনজো মারেস্কার চেলসির জন্য কাজটা সহজ হবে না।

চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে পিএসজি চারটি ইংলিশ ক্লাবকে হারিয়েছে। সেগুলো হলো- আর্সেনাল, অ্যাস্টন ভিলা, লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। চেলসির বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, ‘রবিবার মৌসুমের শেষ ম্যাচে আমাদের সামনে আরেকটি ট্রফি জয়ের সুযোগ। আমরা জানি ম্যাচটা কঠিন হতে যাচ্ছে। এনজো মারেস্কাকে (চেলসির কোচ) কোচ হিসেবে আমি ভালোবাসি। সে যেভাবে বল দখলে রেখে দলকে খেলায় সেটি ভালো লাগে। তাদের দলেও ভালো খেলোয়াড় আছে। তারা শারীরিকভাবে শক্তিশালী।’ চেলসির মৌসুমে পাওয়া সাফল্য নিয়ে এনরিকে বলেন, ‘চেলসি কনফারেন্স লিগ জিতেছে, লিগেও চতুর্থ স্থানে শেষ করে এর অর্থ তারা দিন দিন উন্নতি করছে। আমরা শতভাগ চেষ্টা করব মৌসুমটি ঐতিহাসিকভাবে শেষ করার জন্য।’

পিএসজির অধিনায়ক মার্কিনহোস বলেন, ‘প্রতিটি ম্যাচের আলাদা গল্প থাকে। এবার সেটি কেমন হবে তা নির্ভর করছে আমরা আর চেলসি কেমন খেলি তার ওপর। আমরা ট্রফি জয়ের জন্য প্রস্তুত যদিও ফাইনালে সব সময়ই ৫০-৫০ সুযোগ থাকে।’ চেলসির অধিনায়ক রেসে জেমস জানিয়েছেন পিএসজির ফেভারিট তকমা নিয়ে ভয় পায় না তার দল। ‘আমরা প্রস্তুতি নিয়েছি, ফাইনালে জয়ের জন্যই নামব। আমি এর আগেও ফাইনাল খেলেছি। এমন হয়েছে যে আমরা ফেভারিট ছিলাম কিন্তু জিততে পারিনি। আমাদের প্রতিপক্ষ নিয়ে কে কী ভাবছে (তারা বিশ্বের সেরা) তাতে আমার কিছু যায় আসে না। পিএসজি দারুণ দল, কঠিন লড়াই হবে।’

এবারের টুর্নামেন্টে ফাইনালের আগ পর্যন্ত চেলসির উইঙ্গার পেদ্রো নেতো সবচেয়ে বেশি ১৮ বার ড্রিবলিং সম্পূর্ণ করেছেন। পিএসজির দিজিরে দুয়ে ড্রিবলিং করেছেন ১৭ বার। পিএসজির গোলকিপার জিয়ানলুইগি দোন্নারুমা পাঁচ ম্যাচে ক্লিনশিপ রেখেছেন। চেলসির গোলকিপার রবার্ট সানচেজ ক্লিনশিপ রেখেছেন দুই ম্যাচে। পিএসজি গোল হজম করেছে মাত্র একটি। চেলসি হজম করেছে ৫ গোল।

পিএসজির বিপক্ষে ম্যাচ নিয়ে এক সাক্ষাৎকারে চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ বলেন, ‘পিএসজি এখন বিশ্বের সেরা দল, তবে আমরা জয়ের জন্য প্রস্তুত। তারা (পিএসজি) প্রমাণ করেছে কী করেছে পুরো বছর জুড়ে। আশা করি, রবিবার দারুণ ম্যাচ হবে।’ ‎তীব্র গরমে ম্যাচ আয়োজন নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন ফার্নান্দেজ। ‘তাপমাত্রা অবিশ্বাস্য। আমি সেদিন একটু মাথা ঘুরে পড়েই গিয়েছিলাম। এমন আবহাওয়ায় খেলা খুবই বিপজ্জনক ফুটবলারদের জন্য, দর্শকদের জন্য, যারা মাঠে আসেন বা ঘরে বসে খেলা দেখেন।’ এনজো ফার্নান্দেজ বিশ্বকাপ, কোপা আমেরিকা, কনফারেন্স লিগ ফাইনাল খেলে সফলতা পেয়েছেন। নিজের ফাইনাল খেলার অভিজ্ঞতা নিয়ে ফার্নান্দেজ বলেন, ‘আমি ফাইনাল খেলতে ভালোবাসি। সৌভাগ্যক্রমে বেশিরভাগই জিতেছি। এটা আরেকটা ফাইনাল, অবশ্যই উপভোগ করব। বিশ্বকাপের মতো নয়, তবে কাছাকাছি আনন্দ পাব।’

পিএসজির উইলিয়ান পাচো ও লুকাস হার্নান্দেজ খেলতে পারবেন না ফাইনালে। কোয়ার্টার ফাইনাল ম্যাচে তারা দুজন লাল কার্ড দেখেন। তাতে দুই ম্যাচ নিষেধাজ্ঞায় পড়তে হয়। রেসে জেমস চেলসির অধিনায়ক হলেও তার খেলা নিয়ে আছে শঙ্কা। পিএসজি ও চেলসি এর আগে সবশেষ মুখোমুখি হয় ২০১৬ চ্যাম্পিয়নস লিগে। সেবার দুই দেখাতেই জিতেছিল পিএসজি। এই দুই দলের ৮ দেখায় পিএসজি জিতেছে ৩টি, ড্র হয় ৩ ম্যাচ, চেলসি জেতে দুটিতে।