কয়েকবছর ধরেই লাল বলে নতুন ঘরানার ক্রিকেট ‘বাজবল’ খেলে আসছে ইংল্যান্ড। তাদের এই আক্রমণাত্বক ঘরানার ক্রিকেট নিয়ে বহুল আলোচনা হয় এখনো। কিন্তু চলমান লর্ডসে তৃতীয় টেস্টে তারা বাজবল ক্রিকেট থেকে সরে এসেছে। ভারতীয় বোলিং আক্রমণের সামনে পিওর টেস্ট ক্রিকেট খেলছে ইংল্যান্ড। তাদের এই পরিবর্তনকে ভালো চোখে দেখছেন না ভারতের সাবেক তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘প্রথম ইনিংসে ইংল্যান্ড ভালো খেলেছে। সবাই ভেবেছিল, ইংল্যান্ড বাজবলই খেলবে। কিন্তু তারা প্র্যাঙ্কবল খেলেছে। তারা সাধারণত ওভার প্রতি চার কিংবা সাড়ে চার করে রান তোলে। কিন্তু লর্ডসে তারা ওভারে ৩ রান করে তুলেছে। তারা সবাইকে ধোঁকা দিয়েছে! অবশ্য বাধ্য হয়েই তারা এটা করেছে। যদি তারা আগের টেস্ট জিতত, তাহলে লর্ডসেও বাজবল খেলত। ভারত তাদের খেলার ধরন বদলাতে বাধ্য করেছে।’
ইংল্যান্ডের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন জো রুট। অনেকবারই ইংল্যান্ডের সাবেক এই অধিনায়কের মুখোমুখি হয়েছিলেন অশ্বিন। তার মতে, ইংল্যান্ডের খেলার ধরন বদলে যাওয়ায় সবচেয়ে বেশি সুবিধা হয়েছে রুটের। ভারতের এই কিংবদন্তি স্পিনার বলেন, ‘রুট এই ধরনের (পিওর টেস্ট) ক্রিকেট খেলতেই অভ্যস্ত। কিন্তু (বাজবলের কারণে) তাকেও খেলার ধরন বদলাতে হয়েছিল। পুরনো অভ্যাসে ফেরায় তাকে ভালো লাগছিল। তার ইনিংস সবার জন্য শিক্ষা।’
এজবাস্টনে ভারতের কাছে হারের পর সেখানকার উইকেটকে উপমহাদেশের উইকেটের সঙ্গে তুলনা করেছিলেন স্টোকস। অশ্বিনের মতে, লর্ডসের উইকেটও অনেকটাই উপমহাদেশের মতোই, ‘লর্ডসের উইকেটের সাথে উপমহাদেশের উইকেটের মিল আছে। ৬০ ওভারের পর বল সাধারণত নরম হয়। কিন্তু প্রথম দিনই জাদেজার বল রুটের গোড়ালির কাছে লেগেছে। এই উইকেট ইংল্যান্ডে খুব একটা দেখা যায় না। আমি বেশ বিস্মিত।’
জ্যাক ক্রলিকে কেন অশ্রাব্য ভাষায় গালাগাল করলেন শুবমান?
এবার নিজেকেই তিনবার ‘স্টুপিড’ বললেন গাভাস্কার