আগামী সেপ্টেম্বরে দুবাইয়ে উদ্বোধন হতে যাচ্ছে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত রেস্তোরাঁ ‘উহু’। বুর্জ খলিফার কাছে অবস্থিত এই রেস্তোরাঁ খাবারপ্রেমীদের জন্য নিয়ে আসছে ভবিষ্যৎমুখী এক অভিনব অভিজ্ঞতা। এখানে মানুষ নয়, এআই শেফ ‘আইমান’ ডিজাইন করবে মেনু, পরিবেশ ও পরিষেবার পুরো অভিজ্ঞতা, যা রান্নার জগতে এক নতুন মাত্রা যোগ করবে।
ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে বলেছে, ‘আইমান’ নামের এই এআই মডেলটি ‘এআই’ ও ‘ম্যান’ (মানুষ) শব্দের সংমিশ্রণ থেকে এসেছে। এটি বিশ্বের হাজারো রেসিপি, খাবারের অণুগঠন ও বৈজ্ঞানিক গবেষণার তথ্যের ওপর প্রশিক্ষিত। যদিও আইমান স্বাদ গ্রহণ বা ঘ্রাণ নিতে পারে না, তবু এটি খাবারের উপাদান, অ্যাসিডিটি, উমামির স্বাদ বিশ্লেষণ করে নতুন ও অপ্রত্যাশিত রেসিপি তৈরি করতে সক্ষম।
ইন্ডিপেনডেন্ট বলছে, এই প্রক্রিয়ায় মানব রাঁধুনিরা আইমানের রেসিপি চেখে মূল্যায়ন করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। দুবাইয়ের প্রখ্যাত শেফ রেইফ ওথমান এই প্রক্রিয়ার তত্ত্বাবধান করছেন।
‘আইমান’-এর সহপ্রতিষ্ঠাতা আহমেত ওয়েতুন চাকির বলেন, ‘আমাদের লক্ষ্য মানুষের রান্নার দক্ষতাকে প্রতিস্থাপন করা নয়, বরং এআইয়ের সঙ্গে মানুষের সৃজনশীলতাকে মিলিয়ে রান্নাকে আরও উন্নত করা।’
আইমানের বিশেষত্ব হলো, এটি রেস্তোরাঁর ফেলনা উপাদান, যেমন মাংসের কাটা অংশ বা চর্বি, ব্যবহার করে পরিবেশবান্ধব ও সৃজনশীল খাবার তৈরি করতে পারে। এর ফলে খাদ্যের অপচয় কমবে এবং রান্নাঘর আরও টেকসই হবে।
‘উহু’-এর প্রতিষ্ঠাতারা জানান, আইমানকে বিশ্বের বিভিন্ন রেস্তোরাঁয় লাইসেন্সের মাধ্যমে ব্যবহার করা যাবে। এটি রান্নার ক্ষেত্রে শুধু সৃজনশীলতাই বাড়াবে না, বরং পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে ‘সিইএস ২০২৪’ বাণিজ্যমেলায় এআইচালিত রান্নার যন্ত্রপাতি ও রোবট শেফ প্রদর্শিত হয়েছে, যা রান্নার জগতে প্রযুক্তির সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে।
দুবাইয়ের এ রেস্তোরাঁটি প্রমাণ করে যে, প্রযুক্তি ও মানুষের সৃজনশীলতার সমন্বয়ে খাবারের অভিজ্ঞতা নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। ‘উহু’ শুধু খাবারের স্বাদই নয়, ভবিষ্যতের রান্নাঘরের এক ঝলকও দেখাবে।