পানি বিতরণ কেন্দ্রে হামলায় শিশুসহ নিহত ১০

গাজার একটি পানি বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে ছয়জনই শিশু। এ ঘটনায় আরও ১৭ জন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স। সব মিলিয়ে গত রবিবার উপত্যকা জুড়ে ইসরায়েলের চলমান হামলায় অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গতকাল সোমবার নিহত হয়েছে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি। তবে পানি বিতরণ কেন্দ্রে হামলার ঘটনাকে ‘কারিগরি ত্রুটি’ উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। তাদের দাবি, তারা সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদের একজন জঙ্গি সদস্যের বিরুদ্ধে ওই এলাকায় হামলা পরিচালনা করেছিল। কিন্তু কারিগরি বিভ্রাটের কারণে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তু থেকে বেশখানিকটা দূরে আঘাত হানে।

বিবৃতিতে ইসরায়েল সেনা জানায়, বিভ্রাটের কারণে নিরীহ বেসামরিক মানুষের ক্ষতির জন্য আইডিএফ অনুতপ্ত। আইডিএফ আরও জানিয়েছে, কেন এই বিভ্রাট দেখা দিল, সে বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে। আল-আওদা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ আবু সুফিয়ান এএফপিকে জানান, নুসেইরাত শরণার্থীশিবিরের একটি পানি বিতরণ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ছয় শিশু নিহত ও আরও ১৭ জন আহত হয়। এ ছাড়া ওইদিন দুপুরে গাজা সিটির একটি জনবহুল মার্কেটে বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে আহমেদ কানডিল নামে এক সার্জনসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়। চলমান সহিংসতায় এখন পর্যন্ত ১ হাজার ৫৮০ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন ৯১ জন চিকিৎসক ও ১৩২ জন নার্স। এ ছাড়া গাজার উত্তরের বেইত হানুন এলাকায় স্থল অভিযান জোরদার করেছে আইডিএফ। খান ইউনিসেও চলছে ব্যাপক হামলা। ওই অঞ্চলে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে মর্টার হামলার দাবি করেছে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড।

এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক সহকারীর বিরুদ্ধে ‘খুবই গোপনীয় সামরিক তথ্য’ ফাঁসের অভিযোগ উঠেছে। রবিবার এ কথা জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল গ্যালি বাহারাভ-মিয়ারা। তিনি বলেন, গত বছর নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহকারী জোনাতান উরিখ এবং আরেক কর্মী ইসরায়েলি সেনাবাহিনীর কাছ থেকে কিছু গোপনীয় তথ্য সংগ্রহ করে জার্মান সংবাদমাধ্যম বাইল্ডের কাছে পাঠিয়েছিলেন। সে সময় হামাসের জিম্মায় থাকা ছয় ইসরায়েলির মৃতদেহ উদ্ধারের পর জনমত নেতানিয়াহুর পক্ষে নেওয়ার চেষ্টায় তারা ওই কাজটি করেন বলে দাবি করেন ইসরায়েলের শীর্ষ আইন কর্মকর্তা।