ক্রিকেটের তীর্থ হিসেবে পরিচিত লর্ডসে ২০১৯ সালের ১৪ জুলাই ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। ঠিক ৬ বছর পর সেই লর্ডসেই ভারতের বিপক্ষে এলো রোমাঞ্চকর টেস্ট জয়। দুটি জয়েরই নায়ক বেন স্টোকস। ২২ রানে জয়ের পর ৬ বছর আগের স্মৃতি উস্কে দেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক আথারটন। বেন স্টোকসও যেন হারিয়ে যান ৬ বছর আগের সেই দিনে।
ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার নেওয়ার পর স্টোকস বলেন, ‘হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠেই ৬ বছর আগের দিনটার কথা মনে পড়েছিল। আমি সোজা জোফরা আর্চারের কাছে গিয়েছিলাম। বিশ্বকাপ ফাইনালে আমাদের জয়ে আর্চারের বড় অবদান ছিল। দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। এই ম্যাচটা আমরা কীভাবে জিততে পারি, সেটা নিয়ে আর্চারের সঙ্গে কথা বলেছি। শেষ পর্যন্ত আজকের (গতকালের) জয়েও সে দারুণ ভূমিকা রেখেছে। ব্রাইডন কার্সও দারুণ বোলিং করেছে।’
রোমাঞ্চকর এই টেস্ট জয় নিয়ে স্টোকস বলেছেন, ‘এমন একটা টেস্ট ম্যাচ জয় যদি কাউকে রোমাঞ্চিত করতে না পারে, তাহলে আর কী রোমাঞ্চিত করবে। শেষ উইকেটটা শোয়েব বসিরের ভাগ্যেই ছিল। সে একজন দুর্দান্ত যোদ্ধা। পান্তকে আমরা খুব গুরুত্বপূর্ণ সময় আমরা আউট করতে পেরেছি। সে একটু দ্বিধায় ছিল। সেটা খেয়াল করেই (আর্চারকে) স্টাম্প লক্ষ্য করে বল করতে বলেছিলাম। বল ডেলিভারির পরই বুঝতে পারি, উইকেটে আঘাত করবে।’
শুধু অধিনায়কই নয়, বোলার হিসেবেও স্টোকস যেন নিজের কাঁধেই যাবতীয় দায়িত্ব তুলে নিয়েছিলেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমাদের কাছে ম্যাচটা বের করার সুযোগ ছিল, তাই নিজেদের সর্বোচ্চটা উজার করে দিতে চেয়েছিলাম। হাল ছাড়তে চাইনি। রবিবার অনেক ধকল গেছে, তবু শেষ পর্যন্ত চেষ্টা করেছি। আমি অল-রাউন্ডার, কোনোকিছুই আমাকে থামাতে পারত না। যতটা সম্ভব সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছি।’