গেল বছরের অক্টোবরে দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন ওপার বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’-তে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে আলোচনায় আসা মধুমিতা সরকার। পেশায় ইঞ্জিনিয়ার দেবমাল্যের সঙ্গে গ্ল্যামার দুনিয়ার তেমন সম্পর্ক না থাকলেও, প্রায়ই সামাজিক মাধ্যমে তাদের প্রেমের মুহূর্তগুলো শেয়ার করতে দেখা গেছে মধুমিতাকে।
এর মধ্যে বিভিন্ন সময়েই এই জুটির বিয়ে নিয়ে গুঞ্জন চলেছে। এবার জানা গেছে আগামী ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছেন মধুমিতা।
টলিপাড়ার জোর গুঞ্জন, আসছে ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। সম্ভবত ৫ ডিসেম্বর হবে বিয়ে, ৭ ডিসেম্বর বৌভাত। যদিও অভিনেত্রীর তরফ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও মন্তব্য আসেনি।
এর আগে গত বছরের সপ্তমীতে প্রথম প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করে মধুমিতা লিখেছিলেন, “নতুন শুরু।” সে সময় অভিনেত্রী বলেছিলেন, “হ্যাঁ প্রেম করছি। তবে সম্পর্কটা একেবারেই নতুন। বিয়ে নিয়ে এখনই কিছু ভাবিনি।”
‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ ছবির পর থেকে ব্যক্তিগত জীবনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন মধুমিতা। এবার কী তবে গুঞ্জন সত্যি হতে চলেছে, উত্তর দেবে ডিসেম্বর মাসই।