ছিনতাইকারীদের হামলায় আহত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, তদন্তে নেমেছে পুলিশ

মুন্সীগঞ্জের শ্রীনগরের হাসাড়া চৌধুরী রোড এলাকায় ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন সিরাজদীখান উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন। গতকাল বুধবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

ঘটনার বিবরণ দিতে গিয়ে নাসির উদ্দিন জানান, অফিসের কাজ শেষ করে সন্ধ্যার পর নিমতলা থেকে সিএনজি অটোরিকশায় করে শ্রীনগরের বাসায় ফিরছিলেন তিনি। চৌধুরী রোড এলাকায় পৌঁছানোর পর সিএনজিতে আগেই থাকা ছিনতাইকারীরা তাকে বেধড়ক মারধর করে মোবাইল ফোন, মানিব্যাগসহ প্রয়োজনীয় জিনিসপত্র ছিনিয়ে নেয়। এরপর তাকে ধাক্কা দিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ফেলে দেয়। 

নাসির উদ্দিন বলেন, ‘আল্লাহর অশেষ রহমত ও সবার দোয়ায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছি। ছিনতাইকারীরা আমাকে মারধরও করেছে।’

তিনি আরও জানান, প্রথমে শ্রীনগর থানায় অভিযোগ করতে গেলে পুলিশ জানায়, ঘটনাস্থল সিরাজদীখান থানার অধীন হওয়ায় অভিযোগটি সেখানে পাঠানো হবে। তবে ছিনতাইকারীদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ‘সিরাজদীখানের সহকারী শিক্ষা কর্মকর্তা আমাদের কাছে এসে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ করেছেন। ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং অভিযানের প্রস্তুতি নেওয়া হয়েছে। যদিও জায়গাটি আমাদের থানার আওতায় পড়ে না, তারপরও জেলা পুলিশের অংশ হিসেবে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।’