মধ্য চৌত্রিশে এসে রানের ফোয়ারা ছোটাচ্ছেন জো রুট। ভারতের বিপক্ষে ম্যানচেস্টারে অনুষ্ঠিতব্য সিরিজের চতুর্থ টেস্টে তিনি অন্তত পাঁচটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে। রুটের ভক্তরা এই ম্যাচে তার কাছ থেকে একটি দুর্দান্ত সেঞ্চুরির আশা করছেন। আগামী ২৩ জুলাই থেকে শুরু হতে যাওয়া ম্যাচটিতে সাবেক ইংলিশ অধিনায়ক যদি সেঞ্চুরি করেন, তাহলে তিনি একাধিক রেকর্ডে নাম লেখাতে পারবেন।
টেস্টে সর্বাধিক রান: জো রুট এখন পর্যন্ত ১৫৬টি টেস্ট ম্যাচে ১৩,২৫৯ রান করেছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে তার আগে আছেন মাত্র চার ব্যাটার- শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, জ্যাক ক্যালিস এবং রাহুল দ্রাবিড়। রুট যদি ম্যানচেস্টার টেস্টে ১২০ রান করেন, তাহলে তিনি পন্টিং (১৩,৩৭৮), ক্যালিস (১৩,২৮৯) এবং দ্রাবিড়কে (১৩,২৮৮) পেছনে ফেলে দেবেন। সামনে থাকবেন শুধু শচীন টেন্ডুলকার (১৫,৯২১)।
ভারতের বিপক্ষে সর্বাধিক সেঞ্চুরি: রুট যদি ম্যানচেস্টারে সেঞ্চুরি করেন, তাহলে এটি হবে ভারতের বিপক্ষে তার দ্বাদশ টেস্ট সেঞ্চুরি। এর ফলে তিনি ভারতের বিপক্ষে সর্বাধিক টেস্ট সেঞ্চুরির মালিক হয়ে যাবেন। বর্তমানে রুট এবং স্টিভেন স্মিথ দুজনেই ভারতের বিপক্ষে ১১টি সেঞ্চুরি করে শীর্ষে আছেন। রুট এই সেঞ্চুরিগুলি করেছেন ৩৩টি ম্যাচে, আর স্মিথ ২৪টি ম্যাচে।
টেস্টে সর্বাধিক হাফসেঞ্চুরি: রুট যদি এই ম্যাচে দুটি হাফ-সেঞ্চুরি করেন, তাহলে তার ফিফটির সংখ্যা দাঁড়াবে ৬৮, যা টেস্ট ক্রিকেটে শচীন টেন্ডুলকারের হাফসেঞ্চুরির রেকর্ডের সমান। শচীন ২০০টি টেস্টে ৬৮টি হাফ-সেঞ্চুরি করেছিলেন। অন্যদিকে মাত্র ১৫৬টি টেস্টে রুটের আছে ৬৬টি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক রান সংগ্রাহক: জো রুট বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি ৬৭টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ম্যাচে এখন পর্যন্ত ৫ হাজার ৭৯৬ রান করেছেন। যদি তিনি ম্যানচেস্টারে ২০৪ রান করেন, তাহলে তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬,০০০ রান পূর্ণ করবেন।
ওল্ড ট্রাফোর্ডে সর্বোচ্চ রান: ম্যানচেস্টারে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে সর্বোচ্চ ৯৭৮ রানের রেকর্ড জো রুটের। আগামী টেস্টে তিনি যদি আর ২২ রান করেন, তাহলেই ওল্ড ট্র্যাফোর্ডে ১,০০০ টেস্ট রান করা বিশ্বের প্রথম ব্যাটার হয়ে যাবেন।