পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তাইয়্যেবার শাখা হিসেবে পরিচিত দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে (টিআরএফ) ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, গত এপ্রিলে ভারত শাসিত কাশ্মীরে হামলার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক বিবৃতিতে রুবিও বলেছেন, কাশ্মীর হামলায় প্রেসিডেন্ট ট্রাম্পের তরফ থেকে ন্যায়বিচার আহ্বানের প্রতিক্রিয়ায় টিআরএফকে বিদেশি সন্ত্রাসী সংগঠন এবং বিশেষ তকমাধারী বৈশ্বিক সন্ত্রাসীগোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ২০১৯ সালে আত্মপ্রকাশ করা টিআরএফকে আরেক নিষিদ্ধ গোষ্ঠী লস্কর-ই-তাইয়্যেবার ফ্রন্ট এবং প্রক্সি হিসেবে ব্যাখ্যা করেন রুবিও। কাশ্মীর হামলার ‘কাশ্মীর রেজিস্ট্যান্স’ নামেও পরিচিত সংস্থাটি প্রথমে দায় স্বীকার করলেও পরে অস্বীকার করে। টিআরএফকে সন্ত্রাসী তালিকাভুক্তির জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুবরামানিয়াম জয়শঙ্কর। তাদের মূল সংগঠন হিসেবে পরিচিত লস্কর-ই-তাইয়্যেবার ভারত ও পশ্চিমা দেশগুলোতে একাধিক হামলার জন্য অভিযুক্ত।