তহবিল সংকোচন

ট্রাম্পের আরেকটি পরিকল্পনা অনুমোদন কংগ্রেসের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বৈদেশিক সহায়তা ও সংবাদমাধ্যম তহবিল হ্রাস বিলে প্রাথমিক অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেনটেটিভস। এর আগে উচ্চকক্ষ সিনেটেও বিলটি পাস হয়েছে। এখন নয়শ কোটি ডলার তহবিল সংকোচন বিল হোয়াইট হাউজে পাঠানো হবে আইনে পরিণত করার জন্য। রয়টার্স জানিয়েছে, ভোটাভুটির জন্য শুক্রবার বিলটি উত্থাপিত হয়। এটি ২১৩ ভোটের বিপরীতে ২১৬ ভোট নিয়ে অনুমোদন করাতে সমর্থ হন রিপাবলিকানরা। সব ডেমোক্র্যাট এবং দুজন রিপাবলিকান, পেনসিলভিনিয়ার ব্রায়ান ফিটজপ্যাট্রিক ও ওহাইওর মাইক টার্নার এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেন।

ফ্লোরিডার রিপাবলিকান সদস্য অ্যারন বিন বলেছেন, অপচয় রোধে আমরা একটা ছোট পদক্ষেপ নিলেও, আর্থিক শৃঙ্খলা নিশ্চিতে আমরা বিরাট অগ্রগতি অর্জন করতে যাচ্ছি। হোয়াইট হাউজ থেকে প্রতি মাসেই একটি ব্যয় হ্রাস প্যাকেজ আনার আহ্বান জানান তিনি। তবে তহবিল সংকোচনের বিরোধিতা করে আরেক আইনপ্রণেতা হাকিম জেফ্রিস বলেন, এর কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের সুযোগ হ্রাস পাবে।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো অল্প ব্যবধানে কোনো সিদ্ধান্ত অনুমোদন করাতে পারল ট্রাম্প প্রশাসন। গত মাসে, এই প্রস্তাবের প্রাথমিক খসড়ায় ২১২ ভোটের বিপরীতে ২১৪ ভোট নিয়ে উতরে গিয়েছিল রিপাবলিকানরা। রিপাবলিকানরা বলছে, বৈদেশিক সহায়তার অর্থ এমন অনেক কর্মসূচিতে যেত, যেখানে অপচয় হয়। আর সংবাদমাধ্যমের বরাদ্দ একশ কোটি ডলার এমন রেডিও এবং টেলিভিশনকে সমর্থন দেয়, যেগুলো রক্ষণশীল দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট।

উল্লেখ্য, নয়শ কোটি ডলারের এই বাজেট হ্রাসের কারণে ৬ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার ফেডারেল বাজেটের প্রায় শূন্য দশমিক ১ শতাংশ সাশ্রয় করতে পারবে সরকার। এর আগে গত বুধবার রাতে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ট্রাম্পের প্রস্তাবটি ৫১-৪৮ ভোটে পাস হয়। ওই দিনও দুই রিপাবলিকান সদস্য প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছিলেন। তারা হলেন মেইনের সিনেটর সুসান কলিন্স এবং আলাস্কার সিনেটর লিসা মুরকৌস্কি।