রাজধানীর সূত্রাপুরের কাগজিটোলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনই মারা গেছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালক রিপন মিয়া (৩৫) মারা যান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, ‘পুরান ঢাকার সূত্রাপুরের কাগজিটোলায় গ্যাস লিকেজ বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনই মারা গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রিপন মিয়া মারা যান। তার শরীরে ৬০ শতাংশ দগ্ধ ছিল। এর আগে তিনজন মারা গেছেন। চাঁদনী নামের আরেকজন চিকিৎসাধীন। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ, আশঙ্কাজনক অবস্থায় আছেন।’
১০ জুলাই রাত ১টার দিকে সূত্রাপুরের কাগজিটোলা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন, ভ্যানচালক রিপন (৪০), তার স্ত্রী চাঁদনী (৩৫), ছেলে রোকন (১৪), মেয়ে আয়শা (দেড় বছর) ও তামীম (১৮)। তাদের নিয়ে আসা প্রতিবেশী জাকির হোসেন জানান, সূত্রাপুরের কাগজিটোলায় একটি বাসার নিচতলায় গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। ওই বাসায় তারা নতুন ভাড়াটিয়া হিসেবে উঠেছিল। রাতে হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। ওই সময় তারা সবাই ঘুমিয়ে ছিল।