ইউক্রেনের ১৪২টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর

রাশিয়ার রাজধানী মস্কোসহ কয়েকটি অঞ্চল লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত শনিবার থেকে ২৩০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে ২৭টি ধ্বংস করা হয়েছে মস্কো অঞ্চলে। রুশ কর্র্তৃপক্ষ জানিয়েছে, মস্কোর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কালুগা অঞ্চলও হামলার শিকার হয়েছে। সেখানে ৪৫টি ড্রোন প্রতিহত করা হয়েছে। এ ছাড়া ইউক্রেন সীমান্তের কাছে রোস্তভ ও ব্রায়ানস্ক অঞ্চলে এবং কৃষ্ণসাগরের ওপরও ড্রোন ভূপাতিত করা হয়।

রাশিয়ার বেসরকারি উড়োজাহাজ চলাচল নজরদারি করা প্রতিষ্ঠান রোবাভিয়াস্তিয়ার তথ্য অনুযায়ী, ড্রোন হামলার ফলে মস্কোর চারটি বিমানবন্দর শেরেমেতইয়েভো, ভনুকোভো, দোমোদেদোভো ও জুকোভস্কিতে সেবা বিঘিœত হয়। এই বিমানবন্দরগুলো থেকে ১৩৪টি ফ্লাইট ফিরিয়ে দেওয়া হয়। তবে বর্তমানে সব বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

এদিকে যুদ্ধ থামানোর লক্ষ্যে শনিবার রাশিয়াকে আবার আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিনই তিনি জানান, শুক্রবার রাতভর ইউক্রেনের ১০টি অঞ্চলে হামলা চালায় রাশিয়া।