জামালপুর মসজিদের সেপটিক ট্যাংকে প্রাণ গেল ২ রাজমিস্ত্রির

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মসজিদের সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে মোশারফ হোসেন (৩০) ও জদু মিয়া (৫০) নামে দুই রাজমিস্ত্রির মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মোশারফ হোসেন ওই এলাকার সুরুজ মণ্ডলের ছেলে। জদু মিয়া একই এলাকার মৃত জোনাব মণ্ডলের ছেলে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা এবং পেশায় রাজমিস্ত্রির ছিলেন।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. রইস উদ্দিন সাংবাদিকদের জানান, মসজিদের নির্মাণাধীন সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে জদু মিয়ার জ্ঞান হারিয়ে যায়। এ সময় মোশারফ হোসেন তাকে উদ্ধার করতে গিয়ে তিনিও জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়।  

খবর পেয়ে  জামালপুর ও মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সেপটিক ট্যাংকের গ্যাসের কারনে এ মৃত্যু হতে পারে বলে ধারনা করছে ফায়ার  সার্ভিস কর্মীরা।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল্লাহ সাইফ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন করা হচ্ছে। অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।