বাবার প্রথম বলেই ছক্কা ছেলের

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৪:২৭ পিএম

কাবুলে মিস আয়নাক নাইটসের বিপক্ষে প্রথমে ব্যাট করছিল অ্যামো শার্কস। ৮ ওভার শেষে অ্যামোর রান ছিল ৬৬-২, আর ইনিংসের সূচনা করা হাসান আইসআখিল অপরাজিত ছিলেন ২৩ বলে ৩৪ রানে। ঠিক তখনই বোলিংয়ে আসেন আফগানিস্তানের কিংবদন্তি মোহাম্মদ নবি। আন্তর্জাতিক ক্রিকেটে ৩০৮ ম্যাচ খেলা নবি উইকেট নিয়েছেন ২৮১টি, আর করেছেন ৫,৯৮৭ রান। তিনি রাউন্ড দ্য উইকেট থেকে বল করছিলেন তার ছেলের বিপক্ষে। ছেলেও কম যান না— প্রথম বলটির লেন্থ বুঝে বিশাল এক ছক্কা হাঁকান বাবার বলেই!

নবি কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে ছিলেন সেই শটে, আর ধারাভাষ্যকাররা উত্তেজনায় বলে ওঠেন, ‘কি শিষ্টাচার! তোমার বাবা বল করছে তোমাকে, ভাই। তুমি আমার বাবা, মাঠের বাইরে হয়তো তোমার প্রতি অনেক শ্রদ্ধা আছে, কিন্তু যদি এমন বল করো, তাহলে তো উড়িয়েই দেবো।’ নবির করা একমাত্র ওভারে ১২ রান নিয়েছিলেন আইসআখিল। ইনিংসে তিনি করেন ৩৬ বলে ৫২ রান, স্ট্রাইক রেট ১৪৪.৪৪, মারেন আরও একটি ছক্কা।

১৮ বছর বয়সী এই ব্যাটার এখন এতোটাই ভালো করছেন যে, তার জন্যই হয়তো নবির অবসর নেওয়ার পরিকল্পনা পিছিয়ে গেছে। ৪০ বছর বয়সী নবি আগেই জানিয়েছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ছাড়বেন, কিন্তু এখনো তিনি বিষয়টি নিয়ে ভাবছেন। আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এই গুলো হয়তো আমার শেষ ওয়ানডে হবে না। আমি হয়তো কম ওয়ানডে খেলব আর তরুণদের সুযোগ দেব অভিজ্ঞতা নেওয়ার। সিনিয়রদের সঙ্গে আলোচনা করেছি—বড় ম্যাচগুলোতে হয়তো খেলবো, হয়তো না। আমার ফিটনেসের ওপর নির্ভর করবে।’

তিনি আরও বলেন, ‘এটা আমার স্বপ্ন—আমার ছেলের সঙ্গে আফগানিস্তানের হয়ে খেলা। আশা করি সেটা সম্ভব হবে। ও অনেক ভালো করছে… ও খুব পরিশ্রমী, আর আমি তাকে সব সময় পরিশ্রম করার জন্য উৎসাহ দিচ্ছি।’ গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফগান দলে ছিলেন আইসআখিল। তবে চার ম্যাচে করেছিলেন মাত্র ৪৩ রান। এরপর প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করে আহমদ শাহ আবদালি ৪-দিনের টুর্নামেন্টে চার ম্যাচে ৩৩০ রান করেন, গড় ছিল ৪৭.১৪, সঙ্গে দুটি সেঞ্চুরি—একটি আবার অভিষেকে। টি-টোয়েন্টি ক্রিকেটে আইসআখিল খেলেছেন ২৪ ম্যাচ, রান ৫৪৭, স্ট্রাইক রেট ১১৯.৬৯।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত