আমদানি-রপ্তানি ব্যবসা সহজ করতে নজরদারি করছি: এনবিআর চেয়ারম্যান

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খাঁন বলেন, ব্যবসায়ীরা যাতে সহজে আমদানি-রপ্তানি করতে পারে সে জন্য কাস্টমস কর্মকর্তাদের সেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। ব্যবসায়ীদের সুযোগ সুবিধা দেয়ার মানসিকতা নিয়ে দ্রুত সময়ে পণ্য খালাসের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা যাতে সহজে ব্যবসা করতে পারে সেদিকে আমরা নজরদারি করছি। 

কাস্টমস কর্মকর্তাদের সেবার মান আরও বৃদ্ধি করার প্রয়োজন। পণ্যখালাস কেনো দ্রুত সম্পূর্ণ হবেনা সে বিষয়ে কঠোর ভাবে মনিটরিং করবো। আমরা অচিরেই এ্যাসাইকোডা সিস্টেম পরিবর্তন করে নতুন বিকল্প ব্যবস্থা নিব। কাস্টমস হাউজে সার্ভার সমস্যা একটি জাতীয় সমস্যা, এটি পরিবর্তন করে আমরা নতুন একটি পদ্ধতি চালু করতে যাচ্ছি। ব্যবসায়ীদের সুযোগ সুবিধা দেওয়া হলে তাদের পক্ষ থেকে অভিযোগ কম আসবে। সেদিকে আমরা লক্ষ্য রাখছি। স্থলপথে সুতা আমদানি বিষয়টি ব্যবসায়ীরা চাইলে আমরা সেটিও বিবেচনা করবো। তিনি মঙ্গলবার বিকালে বেনাপোল কাস্টমস হাউস অডিটোরিয়ামে কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন।

এর আগে তিনি বেনাপোল কাস্টমস হাউজে আসলে তাকে স্বাগত জানান, বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার কামরুজ্জামান ও নবাগত কমিশনার খালিদ মোহাম্মদ আবু হোসেন। পরে তিনি বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনাল ও বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করেন। পরিদর্শন কালে আমদানি রপ্তানি বাণিজ্য বিরাজমান বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন তিন।  

চেয়ারম্যানের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস) মবিনুল কবির এবং সদস্য (প্রশাসন) মোয়াজ্জেম হোসেন।
 
পরে তিনি স্থানীয় বন্দর ব্যবহারকারী সংগঠন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে মত বনিময় করেন। তাদের বিভিন্ন সমস্যা তিনি মনোযোগ দিয়ে শোনেন তা সমাধানের আশ্বাস দেন।