ইসরায়েলি বাহিনী ইয়েমেনের হোদেইদা বন্দরে ইরান-সমর্থিত হুতি যোদ্ধাদের স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। গত কিছুদিন ধরে ইসরায়েলগামী জাহাজ লক্ষ্য করে হামলা এবং ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠীটি। এর পাল্টা জবাবে সোমবার হোদেইদা বন্দরে হামলা চালাল তেল আবিব। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ বলেছেন, তাদের বাহিনী আগে চালানো হামলায় ধ্বংস হওয়া সন্ত্রাসী অবকাঠামো পুনর্গঠনের যেকোনো চেষ্টা শক্তভাবে প্রতিহত করছে। তিনি আরও বলেন, ইয়েমেনের পরিণতিও তেহরানের মতোই হবে।
হুতি পরিচালিত আল মাসিরাহ টিভিও হোদেইদায় সিরিজ হামলার খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে টিভিটি হামলায় ক্ষয়ক্ষতি বা প্রাণহানি নিয়ে বিস্তারিত কিছু বলেনি। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা যে বন্দরটিতে হামলা চালিয়েছে, সেটি ইরানি শাসকদের থেকে হুতিদের কাছে অস্ত্র সরবরাহের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছিল।