নওগাঁর পোরশা উপজেলায় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলি ফকিরপাড়া গ্রাম থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
নিহতরা নিতপুর ইউনিয়নের শীতলী ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল হাই বাবু (৪৮) এবং তার স্ত্রী মোমেনা বেগম (৩৬)।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে আব্দুল হাই বাবু তার স্ত্রী ও ছোট দুই মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন। বুধবার সকাল বেলা তার বড় মেয়ে ঘুম থেকে ওঠে দেখতে পায় তার মা পিছানায় পড়ে আছে আর তার বাবা গলায় রশি দিয়ে ঘরের তীরের সাথে ঝুলে আছে। পরে তার মেয়ে পরিবার ও প্রতিবেশীদের জানালে তারা এসে স্বামী-স্ত্রী দুজনকেই মৃত অবস্থায় দেখতে পায়। পরে সংবাদ দিলে ঘটনাস্থল থেকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, সংবাদ পেয়ে বুধবার সকালে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করার হয়েছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে।