আহমেদাবাদে ট্র্যাজেডি

লন্ডনে পরিবারের কাছে গেল ভুল মরদেহ

ভারতের আহমেদাবাদে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ভুল মরদেহ পাওয়ার দাবি করেছে যুক্তরাজ্যের অন্তত দুটি পরিবার। ওই পরিবার দুটির আইনজীবীরা এ অভিযোগ করে বলেন, ভুল মরদেহ পাওয়ার কারণে শেষকৃত্য বাতিল করতে হয়েছে তাদের।

ইন্ডিয়া টুডে বলছে, ভারতে এ-সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছেন, আহমেদাবাদের একটি সরকারি হাসপাতালে ছিল এসব মরদেহ। এরপর ডিএনএ নমুনায়ন করে কফিনে ভরা হয়। কিন্তু যুক্তরাজ্যের আইনজীবী কিস্টন ল বলছেন, দেহাবশেষ ভুলভাবে শনাক্ত করা হয়েছে। ডিএনএ মিলিয়ে দেখা হয় আসলেই ভুল ব্যক্তিকে পাঠানো হয়েছে। এরপর সেই শেষকৃত্যানুষ্ঠান বাতিল করতে হয়। আরেক আইনজীবীর অভিযোগ, তাদের দুজনের দেহাবশেষ মিলিয়ে একটি কফিন পাঠানো হয়েছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এসব মরদেহ ঠিকমতোই শনাক্ত করা হয়েছে। এরপর এগুলো যথাযথভাবেই সম্মানের সঙ্গে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।