সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির উইকেট মিরপুরের টিপিক্যাল উইকেটের চেয়ে ভিন্ন। আজকের উইকেটে রান আছে। এই সুযোগে ওপেনিং জুটিতেই ৮২ রান তুলে ফেলেছিল পাকিস্তান। অবশেষে সেই জুটি ভেঙে পাকিস্তানের রান উৎসবে লাগাম টানলেন নাসুম আহমেদ।
আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে নেমে দারুণ শুরু পায় পাকিস্তান। প্রথম পাঁচ ওভারেই লিটন দাস পাঁচ বোলার ব্যবহার করে রানের গতি থামানোর চেষ্টা করেন। তবু পাওয়ারপ্লেতে ওঠে বিনা উইকেটে ৫৭ রান। ৭.৫ ওভারে ৮২ রান তুলে ফেলা পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙেন নাসুম আহমেদ। তার বলে সাইম আইয়ুবের (২১) দুর্দান্ত ক্যাচ নেন শামীম পাটোয়ারী।
এই ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে পাঁচ পরিবর্তন। বিশ্রাম দেওয়া হয়েছে ওপেনার পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমানকে। একাদশে ঢুকেছেন তানজিদ হাসান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ। পাকিস্তান দলে এসেছে দুটি পরিবর্তন। ফখর জামান ও খুশদিল শাহকে বাদ দিয়ে সাহিবজাদা ফারহান ও হুসেইন তালাতকে এ্কাদশে নেওয়া হয়েছে।