সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার স্বামী ড. শফিক আহমেদ সিদ্দিক ও তাদের সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নামে গাজীপুরে থাকা ৩ দশমিক ৫৪ একর জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুদকের পক্ষে উপপরিচালক মো. মনিরুল ইসলাম আদালতে এ আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এ আদেশ দেন। আবেদনে বলা হয়, অভিযুক্ত সংশ্লিষ্ট ব্যক্তি ড. শফিক আহমেদ সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ চলমান রয়েছে।
এতে আরও বলা হয়, অনুসন্ধানকালে জানা যায়, তাদের মালিকানাধীন স্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করা হচ্ছে। অনুসন্ধান নিষ্পত্তির আগে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে। এতে আরও বলা হয়, অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধান সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব সম্পদ বা সম্পত্তির মালিকানা পরিবর্তন বা স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়ায় যাতে হস্তান্তর করতে না পারে এ মর্মে জব্দের আদেশ একান্ত প্রয়োজন। জব্দকৃত সম্পত্তির বাজারমূল্য ১ কোটি ৯৫ লাখ ৭ হাজার টাকা।