গত মাসেই আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসার যশ দয়ালের বিরুদ্ধে গত জুনে দয়ালের বিরুদ্ধে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছিল। এরপর দয়ালের বিরুদ্ধে মামলাও করেছিল পুলিশ। এবার একই পেসারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে এক অপ্রাপ্তবয়স্ক মেয়ে!
ক্রিকেট খেলার মাধ্যমে দয়ালের সঙ্গে পরিচয় কিশোরী মেয়েটি। সানগান পুলিশের কাছে সে অভিযোগ করেছে, পেশাদার ক্রিকেট ক্যারিয়ার গড়ে দেওয়ার প্রতিশ্রুতি এবং ব্ল্যাকমেল করার মাধ্যমে দুই বছর ধরে তার ওপর যৌন নির্যাতন করেছেন দয়াল। গত আইপিএল চলাকালীন সময়ে জয়পুরের সীতাপুরার একটি হোটেলে মেয়েটিকে ডেকে আনেন দয়াল এবং তাকে আবারও ধর্ষণ করেন। সেই আসরে চ্যাম্পিয়নও হয়েছিল যশ দয়ালের দল বেঙ্গালুরু।
গত মঙ্গলবার পুলিশের কাছে মেয়েটি অভিযোগ করলে জয়পুরের সানগানের পুলিশ স্টেশনে যশের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়। ভারতের সংবাদমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, মেয়েটি যে সময়ে যৌন নির্যাতনের শিকার হওয়ার কথা বলেছে, তখন তার বয়স ১৭ বছর। ‘প্রটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট’ আইনের অধীনে দয়াল দোষী প্রমাণিত হলে জরিমানাসহ অন্তত ১০ বছরের জেল কিংবা যাবজ্জীবন কারাবাসের শাস্তি হতে পারে।
এর আগে এক নারী যশ দয়ালের বিরুদ্ধে অভিযোগ করেন যে, ‘সে আমাকে বারবার বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। আমাকে তার পরিবারের সঙ্গেও পরিচয় করিয়ে দেয়, যারা আমাকে বলেছিল যে আমি হব তাদের পুত্রবধূ। আমি সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সঙ্গে সম্পর্কে ছিলাম। আমি অনেকবার আত্মহত্যার চেষ্টা করেছি। মানসিক যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারছিলাম না। ও এবং ওর পরিবার আমাকে বারবার মিথ্যা আশ্বাস দিত।’