বাংলাদেশ সুযোগ দিয়েছে বলেই পাকিস্তান জিতেছে: রমিজ রাজা

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১২:০২ পিএম

প্রথম দুই ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার শেষ টি-টোয়েন্টি জিতলে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা যেত। কিন্তু বাংলাদেশ হাঁটল পরীক্ষা নিরীক্ষার পথে। পাঁচ পরিবর্তন নিয়ে স্বাগতিকদের একাদশ সাজানোকে অনেকে সাধুবাদ জানালেও রমিজ রাজা প্রশ্ন তুলেছেন। একইসঙ্গে বলেছেন যে, বাংলাদেশ সুযোগ দিয়েছে বলেই পাকিস্তান জিতেছে।

পাকিস্তানের বিপক্ষে গতকাল সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে বিশ্রাম দেওয়া হয় পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমানকে। তাদের বদলে একাদশে সুযোগ পান তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদও নাসুম আহমেদ। তবে এই পরীক্ষা সফল হয়নি। বাংলাদেশ হেরেচে ৭৪ রানের বড় ব্যবধানে।

সিরিজে ধারাভাষ্যের দায়িত্বে থাকা রমিজ নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘দলে এত পরিবর্তন করতে চাইলে এর একটা নিয়ম আছে। দলে সাধারণত ২-৩ জন ম্যাচ উইনার থাকে, এদের সরানো যাবে না। বাকি জায়গাগুলোতে নতুন খেলোয়াড় খেলানো যেতে পারে। আমার মনে হয়, মোস্তাফিজ বা ইমন (পারভেজ) খেললে এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা হতো। যদিও পাকিস্তান অনেক রান করেছে, এর পরও এ দুজন থাকলে অধিনায়কের কাছে সুযোগ থাকত।’

পাকিস্তান দলের সমালোচনা করে তিনি বলেন, ‘তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ পাকিস্তান জিততে পেরেছে। যদিও আমার মনে হয় বাংলাদেশ জেতার সুযোগ দিয়েছে। আগের দুই ম্যাচে যেভাবে ১১০ রানে অলআউট করেছে, ১৩৩ করে পাকিস্তানকে ১২৫ রানে গুটিয়ে দিয়েছে। মনে হচ্ছিল পাকিস্তান হোয়াইটওয়াশ হবে। তবে ওরা মনে করেছে আমাদের যা উদ্দেশ্য ছিল অর্জন করেছি। এখন যারা বাইরে আছে তাদের সুযোগ দিই। প্রথম দুই ম্যাচেও বাংলাদেশ রোটেশন পলিসিতে খেলেছে। সেটিও পাকিস্তানের সঙ্গে, যারা একসময়ের বিশ্ব চ্যাম্পিয়ন, আয়ারল্যান্ড বা নেদারল্যান্ডসের সঙ্গে নয়।’

অনেক দিন ধরেই পাকিস্তান টি-টোয়েন্টি দলের বাইরে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। তবে ব্যাটসম্যানদের জন্য কঠিন উইকেটে বাবর, রিজওয়ানদের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্নও তুলেছেন রমিজ, ‘সব মিলিয়ে এটি পাকিস্তানের জন্য ভালো জয়। এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে এমন কঠিন উইকেটে আপনার শাহিন আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমদের দরকার আছে কি না! এটা অনেক বড় প্রশ্ন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত