কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন আবারও চরমে উঠেছে। দ্বিপাক্ষিক সিরিজ তো বহু বছর ধরেই বন্ধ, এই হামলার পর আইসিসি এবং এসিসির ইভেন্টেও পাকিস্তানের মুখোমুখি হতে অনীহা প্রকাশ করেছিল ভারত। তবে এবার সেই বরফ গলার ইঙ্গিত পাওয়া গেছে। ভারতের গণমাধ্যম দাবি করেছে, আসন্ন এশিয়া কাপে ভারত-পাকিস্তানকে একই গ্রুপে দেখা যেতে পারে।
আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা। এ বিষয়ে গতকাল ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা হয়েছে, কিন্তু কোনো সমাধান আসেনি। সভা শেষে সংস্থাটির সভাপতি মহসিন নাকভি জানান, এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার কথায়, ‘এটা (এশিয়া কাপের সূচি) ঘোষণা করা হবে দ্রুতই। আমরা বিসিসিআইয়ের সঙ্গে পরামর্শ করছি। আশা করি দ্রুতই সমাধান করতে পারব।’
এসিসির একটি সূত্র ভারতের বার্তা সংস্থা পিটিআইকে বলেছে, আসন্ন এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে্ আয়োজন করবে আয়োজক দেশ ভারত। এদিকে ভারতের গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ দাবি করছে, ৮ দলের এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের একই গ্রুপে থাকার সম্ভাবনাই বেশি। এর অর্থ হলো দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলকে অন্তত দুবার মুখোমুখি লড়াইয়ে দেখা যাবে। দুই দল ফাইনালে উঠলে তো সোনায় সোহাগা।
সূত্রের বরাত দিয়ে ‘ইন্ডিয়া টুডে’ বলছে, টুর্নামেন্টের সূচি এ ভেন্যু চূড়ান্ত করতে আগামী কয়েক দিনের মধ্যে আলোচনার টেবিলে বসবেন বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা এবং এসিসি ও পিসিবি সভাপতি মহসিন নাকভি। ৭ সেপ্টেম্বর থেকে টুর্নামেন্ট শুরু হতে পারে। ভারত-পাকিস্তানের সর্বশেষ লড়াই দেখা গিয়েছিল গত ফেব্রুয়ারি ও মার্চে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির মঞ্চে। গ্রুপ পর্বের ম্যাচটিতে পাকিস্তানকে ৬ উইকেটে হারায় ভারত।
বাংলাদেশ সুযোগ দিয়েছে বলেই পাকিস্তান জিতেছে: রমিজ রাজা
স্টোকসের পাঁচ উইকেটের পর শার্দুল-সিরাজকে বেদম পিটুনি
লিটনকে কঠিন কঠিন প্রশ্ন করতে বললেন পাকিস্তান অধিনায়ক