সিলেটের পদযাত্রায় নাহিদ

ধর্মের ভিত্তিতে আমরা বিভক্ত হতে চাই না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চব্বিশের গণঅভ্যুত্থানে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন। নিজের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন। তাদের সেই আত্মত্যাগে আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি। এখন নতুন বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে আমরা সারা দেশের মানুষের কাছে যাচ্ছি। যে বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য, দুর্নীতি, চাঁদাবাজি। ধর্মের ভিত্তিতে আমরা বিভক্ত হতে চাই না। আমরা এ দেশকে সত্যিকার অর্থেই সবার দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। নাহিদ ইসলাম গতকাল শুক্রবার বিকেলে সিলেটে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আগামীর বাংলাদেশে সিলেট হবে এনসিপির অন্যতম দুর্গ। সেই ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে প্রতিটি ন্যায্য আন্দোলন-সংগ্রামে সিলেটবাসীর গৌরবময় অবদান রয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও সিলেটবাসীর অনন্য ভূমিকা রেখেছেন। এই জেলায় ১৭ জন মানুষ শহীদ হয়েছেন।

নাহিদ বলেন, সিলেটের মানুষ যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে রয়েছেন। তাদের পাঠানো কষ্টার্জিত টাকায় দেশের অর্থনীতির চাকা সচল থাকে। তেল, গ্যাস, পাথরসহ প্রাকৃতিক সম্পদে ভরপুর সিলেট। সিলেটবাসী এত অবদান রাখার পরেও সিলেটে কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। এনসিপি সিলেটকে শিল্পশহর হিসেবে গড়ে তুলতে চায়।

তিনি বলেন, প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে সরকার কাজ করছে। তবে এটা কতদূর এগিয়েছে জানি না। সরকারের কাছে আমাদের দাবি অবশ্যই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, গণহত্যার বিচার ও রাষ্ট্র কাঠামো মেরামতে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এজন্য আমরা মাঠে নেমেছি। আমরা নতুন সংবিধান চাই। সেই সংবিধানে আপনার-আমার সবার কথা থাকবে।

এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলমের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, এনসিপির মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, মূখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক অর্পিতা দাশ, সিলেটের মূখ্য সমন্বয়ক নাজিম উদ্দিন সাহান, এনসিপি নেতা ডা. এহতেশাম, ডা. আব্দুল্লাহ প্রমুখ।

সমাবেশের আগে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এনসিপির জুলাই পদযাত্রা। এতে ছাত্র-তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

এর আগে গত শুক্রবার দুপুরে সুনামগঞ্জে অনুষ্ঠিত হয় এনসিপির পদযাত্রা। সেখানেও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। সুনামগঞ্জ থেকে সিলেটে ফেরার পথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফটকে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা এতদিন গোলামের জীবনযাপন করতাম। বিশেষ করে আবাসিক হলগুলোতে সাধারণ শিক্ষার্থীরা নির্যাতনের শিকার হতো। তবে জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের মাধ্যমে আমরা শপথ নিয়েছি আমরা আর গোলামের জীবনযাপন করব না। সবাই মর্যাদা নিয়ে বাঁচবে।