ইসলামের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম নামাজ। এটি আত্মিক প্রশান্তি, আধ্যাত্মিক উৎকর্ষ, আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং যেকোনো বিপদে সাহায্য প্রার্থনার এক অনুপম মাধ্যম। প্রতিদিন নির্ধারিত সময়ে নামাজ আদায় একজন মুসলমানকে আল্লাহর স্মরণ করায়, জীবনব্যবস্থায় শৃঙ্খলা এনে দেয় এবং পাপ থেকে বিরত থাকতে সহায়তা করে। প্রিয় নবী মুহাম্মদ (সা.) নিজ জীবনে নামাজকে সবচেয়ে বড় আশ্রয় হিসেবে গ্রহণ করেছেন। তিনি কঠিন কোনো পরিস্থিতির সম্মুখীন হলে নামাজে দাঁড়িয়ে যেতেন, ইস্তিখারা করতেন, এমনকি প্রাকৃতিক দুর্যোগ ও মহামারীতেও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন। এখানে নামাজের কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা নিয়ে বিবরণী উল্লেখ করা হলো, যা আমাদের ব্যক্তি, পারিবারিক ও সামষ্টিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
সমস্যা সমাধান : দুশ্চিন্তা, সমস্যা মানুষের নিত্যদিনের সঙ্গী। এ রকম পরিস্থিতিতে বান্দার অন্যতম করণীয় হলো, নামাজে দাঁড়িয়ে যাওয়া। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, আমাদের প্রিয় নবীজি (সা.) কোনো কঠিন সমস্যার সম্মুখীন হলে নামাজে দাঁড়িয়ে যেতেন। (আবু দাউদ ১৩১৯) কেননা মহান আল্লাহ তার বান্দাদের ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ‘হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।’ (সুরা বাকারাহ, আয়াত ১৫৩)
দুর্যোগে সাহায্য প্রার্থনা : দুর্যোগে নবীজি (সা.) নামাজের মাধ্যমে মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছেন। তিনি সূর্য গ্রহণের সময় কুসুফ নামাজ আদায় করতেন, চন্দ্র গ্রহণের সময় খুসুফ নামাজ আদায় করতেন, আবার অনাবৃষ্টি দেখা দিলে সালাতুল ইস্তিসকা আদায় করতেন। যেকোনো দুর্যোগে মুমিনের করণীয় হলো মহান আল্লাহর কাছেই আশ্রয় চাওয়া। কারণ নিরাপত্তা দেওয়ার মালিক তো মহান আল্লাহই।