ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে- প্রবাদটির যথার্থতা কালে কালে প্রমাণিত হয়েছে। যার সবশেষ নিদর্শন আজ দেখিয়েছেন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি খ্যাত এবি ডি ভিলিয়ার্স। অবসরে গেলেও ব্যাট হাতে ক্রিজে এলে যে তিনি তাণ্ডবলীলা চালাবেনই। কদিন আগেই ৪১ বলে সেঞ্চুরির পর এবার ৩৯ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন ৪১ বছর বয়সী এ সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের ম্যাচে হেডিংলিতে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নসের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৪১ রান করে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস। আর দলের হয়ে সর্বোচ্চ ১২৩ রান করেন এবি ডি ভিলিয়ার্স। প্রোটিয়া লিজেন্ডসদের হয়ে ইনিংস ওপেন করতে নেমে রীতিমতো ঝড় তোলেন তিনি। আরেক প্রান্তে তাকে যোগ্য সঙ্গ দেন জেজে স্মিট। ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৭৮ রান যোগ করেন দুই ওপেনার।
পাওয়ার প্লের পরও আক্রমণা চালিয়ে যান ডি ভিলিয়ার্স। তার সামনে রীতিমতো বল ফেলার জায়গা খুঁজে পাচ্ছিলেন না অজি বোলাররা। এমন বিধ্বংসী ব্যাটিংয়ে ৩৯ বলে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। তবে সেঞ্চুরি পর আর বেশিক্ষণ টিকতে পারেননি। শেষ পর্যন্ত ৪৬ বলে ১২৩ রান করেছেন ডি ভিলিয়ার্স। তার ইনিংসে ছিল ১৫ চার ও ৮ ছক্কার মার। তার বিদায়ে ভাঙে ১৮৭ রানের উদ্বোধনী জুটি। স্মিটের কপাল মন্দ। ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ৫৩ বলে ৮৫ রান করেন তিনি।