পাকিস্তান সংশ্লিষ্টতার প্রমাণ নেই : চিদাম্বরম

ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে হওয়া হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতা বা হামলাকারীরা পাকিস্তান থেকে এসেছিল এমন প্রমাণ নেই বলে মন্তব্য করেছেন; দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সাবেক ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি. চিদাম্বরম। তার মতে, হামলায় দেশীয় সন্ত্রাসীরাই জড়িত থাকতে পারে। সোমবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, দ্য কুইন্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী। চিদাম্বরম বলেন, মোদি সরকার বলছে না যে এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) কী তদন্ত করেছে। তারা কি সন্ত্রাসীদের শনাক্ত করেছে? তারা কোথা থেকে এসেছে? যতটুকু জানা যাচ্ছে, তারা দেশীয় সন্ত্রাসীও হতে পারে। আপনারা কেন ধরে নিচ্ছেন তারা পাকিস্তান থেকে এসেছে? তাদের পাকিস্তান থেকে আসার কোনো প্রমাণ নেই।

সরকার এবং নিরাপত্তা বাহিনীর দাবি, পেহেলগামে হামলাকারীরা পাকিস্তানের নাগরিক। চিদাম্বরম আরও বলেন, অপারেশন সিন্দুর চলাকালে ভারতের ক্ষয়ক্ষতি সরকার গোপন করছে। তার ভাষায়, যেকোনো যুদ্ধে উভয়পক্ষেই ক্ষয়ক্ষতি হয়। ভারতও নিশ্চয়ই কিছু হারিয়েছে। সেটি খোলাখুলিভাবে বলুন। আমি মনে করি, সরকার অপারেশন সিন্দুর ঘিরে একটি মোটা পর্দা টানতে চাচ্ছে; কিন্তু সেটা চলবে না। চিদাম্বরম প্রশ্ন তোলেন, সরকার সংসদে এই ইস্যুতে আলোচনা এড়িয়ে যাচ্ছে কেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী কেন অপারেশন সিন্দুর নিয়ে কথা বলছেন না? সংসদ তো গণতন্ত্রের ভিত্তি। চিদাম্বরমের এই মন্তব্যের কড়া জবাব দিয়েছে শাসক দল বিজেপি। বিজেপি জ্যেষ্ঠ নেতা অমিত মালব্য বলেছেন, আবারও কংগ্রেস পাকিস্তানকে ক্লিনচিট দিতে উঠে পড়ে লেগেছে। আমাদের বাহিনী যখনই পাকিস্তান-মদদপুষ্ট সন্ত্রাসবাদের মুখোমুখি হয়, তখনই কংগ্রেস নেতারা ভারতের বিরোধীদের চেয়ে ইসলামাবাদের আইনজীবীদের মতো বেশি শোনায়? তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা থাকা উচিত নয়। কিন্তু কংগ্রেসের ক্ষেত্রে এমনটা কখনোই হয় না। তারা শত্রুকে রক্ষা করার জন্য সর্বদা পেছনের দিকে ঝুঁকে পড়ে।

চিদাম্বরমের মন্তব্যের পর গতকাল সোমবার জম্মু-কাশ্মীরের শ্রীনগরের অদূরে দাচিগামের পাহাড়ি অঞ্চলে ‘অপারেশন মহাদেব’ শুরু করে ভারতের সেনা-আধাসামরিক বাহিনী এবং জম্মু-কাশ্মীর পুলিশ। অভিযানে পেহেলগাম হামলার মূল পরিকল্পনাকারীসহ তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। নিহতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়েছে। এরা হলেন সুলেমান, আবু হামজা এবং ইয়াসির। সেনা ও পুলিশ সূত্রে জানা গেছে এই তিনজনই পাকিস্তানি কাশ্মীরভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সদস্য। গত ২২ এপ্রিল অনন্তনাগ জেলার পেহেলগামে যে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছিল, সুলেমান তার মাস্টারমাইন্ড ছিলেন বলে দাবি করেছে এনডিটিভিসহ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম। তবে এ ব্যাপারে সেনা বা পুলিশ সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।