খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ প্রকাশ্যেই এই হুমকি দিয়েছেন। একই সঙ্গে ইরানে নতুন করে হামলার হুমকিও দিয়েছেন তিনি। গত রবিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। বার্তা সংস্থাটি বলছে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাৎজ দক্ষিণ ইসরায়েলের রামন বিমানঘাঁটি পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেন। কাৎজ বলেন, ‘আমি এখান থেকেই স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই, যদি আপনি ইসরায়েলকে হুমকি দেওয়া চালিয়ে যান, তাহলে আমাদের দীর্ঘ হাত আবার তেহরানে পৌঁছাবে; এবং এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন।  ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

এই মন্তব্যটি উদ্ধৃত করেছে ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ। অবশ্য ইসরায়েলি এই হুমকির প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত ১৩ জুন ইসরায়েলি বাহিনী ইরানে হামলা শুরু করে। ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো হামলার অন্যতম লক্ষ্যবস্তু বানানো হয়। জবাবে ইরানও পাল্টা হামলা চালায় ইসরায়েলে। এসব চলে ১২ দিন ধরে। এর মধ্যেই ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে তেহরান যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আল উদেইদে হামলা চালায় ইরান। এ ঘাঁটি কাতারে অবস্থিত। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর করে ইরান ও ইসরায়েল। তবে যুদ্ধবিরতি কার্যকর হলেও একে অন্যকে নিয়মিতই হুমকি দিয়ে আসছে ইরান-ইসরায়েল। এমনকি চলমান এই যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। একই সঙ্গে ইসরায়েল আবার ইরানকে লক্ষ্য করে হামলা চালালে তার যথোপযুক্ত জবাব দেওয়ার প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছে তিনি।