মণিরামপুরে প্রায় প্রতি ঘরে ঘরে হানা দিয়েছে ভাইরাস জ্বর। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে ডায়রিয়ার প্রকোপ। ওদিকে চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গু। চলতি মাসের শুরু থেকেই এসব রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েই চলেছে। প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউট ডোরে কয়েকশ’ রোগী চিকিৎসা নিচ্ছেন। আক্রান্ত হওয়া অসংখ্য রোগী হাসপাতালে বেড না পাওয়ায় অনেকেই হাসপাতালের বারান্দায় নিজেরা বিছানা করে চিকিৎসা নিচ্ছেন আবার অনেকেই বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। এদিকে হাসপাতালে জনবল সংকট থাকায় ভর্তি রোগীর চিকিৎসা সেবা দিতে সংশ্লিষ্টদের বেগ পেতে হচ্ছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সরেজমিন হাসপাতালে গিয়ে এই চিত্র দেখা গেছে।
মহিলা ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স ঝরনা খাতুন জানান, চলতি মাসের শুরু থেকেই রোগীর সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পেয়েই চলেছে। ২৪ ঘণ্টায় এই ওয়ার্ডের ২০ বেডের বিপরীতে ৩২ জন রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ২২ জনই জ্বর, সর্দি, কাশি ও ডায়ারিয়ায় আক্রান্ত। জনবল না থাকায় চিকিৎসা দিতে বেগ পেতে হচ্ছে।
পুরুষ ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স নাজমা বেগম জানান, ২০ বেডের বিপরীতে ৩৭ জন রোগী ভর্তি হয়েছেন। যার ২৫ জনই এসব রোগে আক্রান্ত।
জেসমিন খাতুন বলেন, জ্বর নিয়ে ছেলে বাদশাহকে হাসপাতালে ভর্তি করানোর পর তিনিও আক্রান্ত হয়েছেন। হাসপাতালের বারান্দায় থাকা আমেনা খাতুন নামের এক রোগী তার তিন বছরের শিশুপুত্র সিয়ামকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
তার মা পলি বেগম জানান, গত একসপ্তাহ ধরে মেয়ে (আমেনা খাতুন) জ্বরে আক্রান্ত হয়। গত সোমবার হাসপাতালে ভর্তি করেছেন। কিন্তু জ্বর কমছে না।
আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ কুমার জানান, মঙ্গলবার (সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত) বহির্বিভাগে ১৮০ জন পুরুষ, ২৪১ জন মহিলা ও ১০০ জন শিশু এবং আন্তঃবিভাগে (সকাল ৯টা হতে ২টা পর্যন্ত) ৬২ জন চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে বেশিরভাগই এসব রোগে আক্রান্ত। এছাড়া চলতি মাসে ২১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা ফয়েজ আহম্মেদ ফয়সাল জানান, ৫০ শয্যা এই হাসপাতালের মেডিকেল অফিসার কমপক্ষে ৩০ জন হলে সঠিকভাবে সেবা প্রদান সম্ভব। সেক্ষেত্রে রয়েছে ১৬ জন মেডিকেল অফিসার। যে কারনে চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে।
তিনি আরও জানান, রোগীদের বেশিরভাগ ভাইরাস জনিত ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত। তিনি এই রোগ প্রতিরোধে পর্যাপ্ত পরিমাণে সি ভিটামিনযুক্ত মৌসুমি ফল (আনারস, পেয়ারা, লেবু, আমড়া) খাওয়ার পরামর্শ দিয়েছেন।